বিডি নিউজ ৬৪: ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. বাদল হোসেনের নেতৃত্বে। এ সময় বাদলবাহিনীর হাতে এক প্রবীণ আওয়ামী লীগ কর্মী ও তাঁর ছেলে আহত হন। আহত একজনকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, হামলাকারীরা বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে এ বাড়িতে আশ্রয় নেওয়া বাবা ও ছেলেকে হাতুড়িপেটা করে। আজ বুধবার সকাল ১১টায় উপজেলা সদরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসী হামলার ভয়ে এ বাড়িতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগকর্মী হাজী আবুল কালাম ও তাঁর ছেলে এশারত হোসেনকে হাতুড়ি দিয়ে বেদম পেটায় বাদল বাহিনীর লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী বলেন, “উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেনের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী আমার বাড়িতে ঘরের দরজা ভেঙে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় ওই বাহিনীর সন্ত্রাসীরা হামলার ভয়ে আমার বাড়িতে আশ্রয় নেওয়া এলাকার প্রবীণ আওয়ামী লীগকর্মী হাজী আবুল কালাম (৬৫) ও তাঁর ছেলে এশারত হোসেনকে (৩২) হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। গুরুতর আহত এশারত হোসেনকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত আবুল কালামকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. বাদল হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “এ ধরনের কোনো হামলার ঘটনা আমার জানা নেই।” সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল