জলঢাকায় শুরু হয়নি খাদ্যবান্ধব কর্মসূচি
জলঢাকায় শুরু হয়নি খাদ্যবান্ধব কর্মসূচি

জলঢাকায় শুরু হয়নি খাদ্যবান্ধব কর্মসূচি

বিডি নিউজ ৬৪: নীলফামারীর জলঢাকায় এখনো শুরু হয়নি প্রধানমন্ত্রী ঘোষিত খাদ্যবান্ধব কর্মসূচি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অসহযোগিতা ও ডিলার নিয়োগে বিলম্ব হওয়ায় এ কর্মসূচি শুরু হয়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয়রা। ফলে দুই মাস ধরে বঞ্চিত হচ্ছে উপজেলাটির ২৫ হাজার হতদরিদ্র পরিবারগুলো।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা চলতি মাসের যে কোন দিন এ কর্মসূচির উদ্বোধন করবেন বলে আশার বাণী শুনিয়েছেন সংবাদকর্মীদের। উপজেলা খাদ্য অফিস সূত্র জানায়, পৌরসভা বাদ দিয়ে ১১টি ইউনিয়নে ২৫ হাজার ২০৩ জন হতদরিদ্রের মাঝে ১০ টাকা কেজি দরে এসব চাল বিতরণ করার কথা। কিন্তু চেয়ারম্যানদের তালিকা প্রণয়নে  অসঙ্গতি ও ডিলার নিয়োগে বিলম্ব হওয়ায় উপজেলাটিতে কর্মসূচি উদ্বোধন বা দরিদ্ররা সরকারের খাদ্যবান্ধব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি ডিলার নিয়োগ প্রক্রিয়া শেষ হলেও ইউপি চেয়ারম্যানরা দুই মাসেও পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে পারেননি।

আজ বুধবার এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত শিমুলবাড়ীসহ পাঁচটি ইউনিয়ন তালিকা জমা দিয়েছেন বলে সূত্রটি নিশ্চিত করে। একদিকে সরকারের এ কর্মসূচিতে কঠোর নির্দেশনা, অপরদিকে জনপ্রতিনিধিদের সুবিধা হাসিল না হওয়ায় বিলম্বের মূল কারণ বলে মনে করছেন উপজেলাটির সচেতন মহল।

ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোকনুজ্জামান খোকন ও ধর্মপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামিনুর রহমান জানান, স্বচ্ছতার জন্য তদন্ত করে কার্ড ইস্যু করতে  দেরি হওয়ার মূল কারণ। উপজেলা খাদ্য কর্মকর্তা রেজাউল করিম জানান, নিয়োগকৃত ডিলারদের অনিয়ম-অসঙ্গতি ধরা পরলে ছাড় দেওয়া হবে না। বিলম্বের কারণ জানতে চাইলে তালিকা প্রণয়নের ক্ষেত্রে চেয়ারম্যানদের অসহযোগিতা ছিল বলে জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. রাশেদুল হক প্রধান বলেন, “এ মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে খাদ্যবান্ধব কর্মসূচি উদ্বোধন করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *