বিডি নিউজ ৬৪: ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী মাহিন্দ্রের সঙ্গে পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংষর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে শিশুসহ ছয়জন। আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাটাজোর ইউনিয়নের দেওপাড়া গ্রামের মাহেন্দ্র চালক মো. সুজন (৩০) ও যাত্রী সুমন মণ্ডল (৩২)। আহত জয়নাল আবেদনী, খোকন, জানে আলম এবং স্বপনকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ফরিদপুর থেকে বরিশালগামী পণ্যবাহী ট্রাক (খুলনা মেট্রো-ট ১১-১০১২) ঘটনাস্থল অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা বাটাজোর থেকে গৌরনদীগামী যাত্রীবাহী মাহিন্দ্রের (বরিশাল-ঠ-১১-০৭৫) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্র যাত্রী সুজন ও যাত্রী সুমন মণ্ডল নিহত হন। গুরুতর আহত হন অপর ছয় যাত্রী মানিক (৩৪), জানে আলম ফকির (৭০), জয়নাল ফকির (৪৫), সেন্টু মণ্ডল (৩২), তার স্ত্রী সঞ্জিতা রানী (২৫) এবং তাদের ছেলে পার্থ (১০)।
গৌরনদী হাইওয়ে থানার ওসি এম এম শাহদাৎ হোসেন জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে গৌরনদী ও পরে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল