বিডি নিউজ ৬৪: ইরাকের মসুলে সরকারি বাহিনীর অভিযানে বিপর্যস্ত হয়ে পড়েছে আইএস। প্রাণে বাঁচাতে তাই শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। আইএসের বিভিন্ন ঘাঁটির কাছাকাছি এলাকায় মসুলের অন্তত ৫৫০ পরিবারের বেসামরিক মানুষজনকে রাখা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, সম্ভবত তাদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে আইএস। গত বৃহস্পতি ও শুক্রবার-এ দুই দিনে আইএসের মানবঢাল হিসেবে ব্যবহৃতদের মধ্যে অন্তত ২৮৪ জনকে হত্যা করেছে জঙ্গিরা। এদের মধ্যে শিশুরাও রয়েছে।
মনে করা হচ্ছে, গুলি করে হত্যা করা নিহতদের গণকবর দিয়েছে আইএস। ইরাকের গোয়েন্দারা গোপন সূত্রে এমনটাই চাঞ্চল্যকর খবর দিয়েছে।
এদিকে মসুলকে আইএসের থাবা থেকে মুক্ত করতে কুর্দিদের নিয়ে ইরাকি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বাহিনীকে সাহায্য করছে মার্কিন বায়ুসেনা।
সরকারি বাহিনীর দাবি, ইতিমধ্যে তারা মসুলের কাছাকাছি এলাকাতে পৌঁছে গিয়েছে। তবে তাদের ঠেকাতে ক্রমাগত আত্মঘাতী বোমা হামলা ও চোরাগুপ্তা হামলা চালিয়ে যাচ্ছে আইএস।
তবে ইরাকি বাহিনীর দাবি, আইএসের সংগ্রহে থাকা অস্ত্রও সীমিত হয়ে পড়েছে। তাদের কাছে এখন স্নাইপার ও আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানোর উপকরণ ছাড়া আর কোনও অস্ত্র নেই।
এর পরও প্রাণে বাঁচতে আইএস জঙ্গিরা সাধারণ মানুষকে মানবঢাল হিসাবে ব্যবহার করবে, এমনটাই চাঞ্চল্যকর শঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এবার এই শঙ্কাতে শিলমোহর দিল গোয়েন্দা সংস্থা এবং জাতিসংঘ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল