বিডি নিউজ ৬৪: মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মায় অভিযান চালিয়ে মাছ ধরার দায়ে আজ সোমবার ১৬ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ জেলের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড এবং দুইজনকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
লৌহজং উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার মাওয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই নাজমুল হোসেনসহ একদল পুলিশ আজ সোমবার ভোররাতে লৌহজংয়ের পদ্মায় অভিযান চালায়। এ সময় মাছ ধরার দায়ে ১৬ জেলেকে আটক করা হয়। এ ছাড়া জব্দ করা হয় ৩০ হাজার মিটার জাল ও ৫০ কেজি মা ইলিশ। পরে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালেকুজ্জামান আটককৃতদের মধ্যে জাহাঙ্গীর তালুকদার (৩৫), আবু আলী (৩৬), মোজাফফর শেখ (৩০), মনির হোসেন (২৪), ইলিয়াস মাদবর (৪০), হালান বেপারী (৩৫), ইয়াছিন বেপারী (১৯), আলমগীর হাওলাদার (৪৫), আবুল কালাম (৩৫), আকবর তালুকদার (৫০), হাসেম ফকির (৩০), শাহাদাৎ হোসেন (২৮), আলতু মিয়া (২৭) এবং আলামল উদ্দিনকে (৩০) এক মাস করে কারাদণ্ড দেন।
এ ছাড়া মো. জাহেদ (৬০) ও আব্দুর রফ মিয়াকে (৬০) পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ৫০ কেজি ইলিশ বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল