বিডি নিউজ ৬৪: বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আর্থিক ক্ষমতা বাড়ল। ৫০ কোটি টাকার স্থলে এখন তারা ১০০ কোটি টাকা পর্যন্ত কেনাকাটার ক্ষেত্রে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে। এর বেশি হলে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির দারস্থ হতে হবে। এজন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপরিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান। ১০ কোটি টাকা পর্যন্ত পরামর্শ সেবা ক্রয়ের ক্ষেত্রে মন্ত্রণালয় ও বিভাগই আগে সিদ্ধান্ত নিতে পারত।
এখন সেটা উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে ৩০ কোটি এবং অনুন্নয়নের বাজেটের ক্ষেত্রে ২০ কোটি টাকা করা হয়েছে। এর বেশি হলে তা অনুমোদনের জন্য মন্ত্রণালয় ও বিভাগকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে যেতে হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ক্ষমতা বা পাওয়ার একটু বাড়ানো হয়েছে। ৫০ কোটি টাকার ক্রয় ও চুক্তি সম্পাদন ১০০ কোটি টাকা করা হয়েছে। উন্নয়ন ও অনুন্নয়ন উভয় ক্ষেত্রে ১০০ কোটি টাকা করা হয়েছে। পরামর্শ সেবা ক্রয়ের ক্ষেত্রে ছিল ১০ কোটি টাকা। সেটা উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে ৩০ কোটি এবং অনুন্নয়নের বাজেটের ক্ষেত্রে ২০ কোটি টাকা করা হয়েছে।
তিনি আরও বলেন, পুনঃদরপত্র সংক্রান্ত প্রস্তাবের ক্ষেত্রে যেটা ৫০ কোটি ও ১০ কোটি টাকার ছিল সেটা ১০০ কোটি ও পরামর্শ সার্ভিসের ক্ষেত্রে ৩০ কোটি টাকার উপরে হয়েছে (এর বেশি হলে কমিটির অনুমোদন লাগবে)। অনুন্নয়ন বাজেটের ক্ষেত্রে ৫০ কোটি টাকা ও পরামর্শ সার্ভিসের ক্ষেত্রে ২০ কোটি টাকার ঊর্ধ্বে পুনঃদরপত্র সংক্রান্ত প্রস্তাব বিবেচনার জন্য তাদের (ক্রয় কমিটি) ক্ষমতা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনের পর এ সংশোধন কার্যকর হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মূলত কমিটির আর্থিক ক্ষমতা বাড়ানোর জন্য এটা করা হয়েছে। কমিটির ক্ষমতা কেন বাড়ানো হল- একজন সাংবাদিক জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অন্যান্য ক্ষেত্রেও বাড়ানো হয়েছে। যেমন একনেকের (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) ক্ষমতা একটু সম্প্রসারণ করা হয়েছে। মন্ত্রীর ক্ষমতা বাড়ানো হয়েছে ৫০ কোটি টাকা। পরামর্শক সেবার ক্ষেত্রে নিজেরা ১০ কোটি টাকা পর্যন্ত অনুমোদন দিতে পারবে। সে জিনিসগুলোর সঙ্গে মিলিয়ে এটা বাড়ানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল