প্রতিটি ছবির জন্য ৫কোটি টাকা করে দিতে হবে
প্রতিটি ছবির জন্য ৫কোটি টাকা করে দিতে হবে

প্রতিটি ছবির জন্য ৫কোটি টাকা করে দিতে হবে

বিডি নিউজ ৬৪: যে সব প্রযোজকরা পাকিস্তানি অভিনেতাদের ছবিতে নিয়েছেন তাঁদের কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করলেন রাজ ঠাকরে। তিনি জানিয়েছেন, এই টাকা প্রায়শ্চিত্তস্বরূপ দিতে হবে প্রত্যেক প্রযোজককে। ভারতীয় সেনার উন্নয়নে এই টাকা ব্যবহার করা হবে।

উরি হামলার পর অ্যায় দিল হ্যায় মুশকিল ব্যান করা হবে বলে হুমকি দেয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। ছবিতে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনয় করেছেন। তাই ছবিটি রিলিজ করতে দেওয়া হবে না বলে জানায় তারা। কিন্তু গতকাল সকালে নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে, প্রোডিউসারস্ গিল্ডের প্রেসিডেন্ট মুকেশ ভাট ও পরিচালক করণ জোহরের সঙ্গে বৈঠকে বসেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। সেখানে রাজ ঠাকরে শর্ত রাখেন, অ্যায় দিল হ্যায় মুশকিল রিলিজ করবে। তবে তার পরিবর্তে প্রযোজককে আর্মি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ৫ কোটি টাকা দিতে হবে। শুধু অ্যায় দিল হ্যায় মুশকিল নয়। শাহরুখ খানের ডিয়ার জিন্দেগি ও রইসের ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকরী হবে।

মুকেশ ভাট জানিয়েছেন,  আমরা বৈঠকে ইন্ডাস্ট্রির অনুভূতির কথা জানিয়েছি। আমাদের কাছেও দেশ আগে। আমি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে বলেছি আমরা আর পাকিস্তানি অভিনেতাদের সঙ্গে ছবি করব না। রাজ ঠাকরে জানিয়েছেন, যেসব প্রযোজকরা পাকিস্তানি শিল্পীদের তাঁদের ছবিতে নিয়েছেন, প্রত্যেককে টাকা দিতে হবে। আমি ৫ কোটি টাকা দিতে বলেছি। এবার ওঁরা নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নেবেন। ওই টাকা ভারতীয় সেনার উন্নয়নের কাজে লাগানো হবে।

বৈঠকের পর সাংবাদিকদের মুকেশ ভাট বলেন, করণ জোহর একটি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ঠিক করেছেন ছবি দেখানোর আগে পাকিস্তানি জঙ্গি হামলায় যে সব ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন, তাঁদের উদ্দেশ্যে একটি মেসেজ দেবেন।

অ্যায় দিল হ্যায় মুশকিল নিয়ে বেশ কয়েকদিন ধরেই টানাপোড়েন চলছিল। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, যেসব ছবির রিলিজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে, সেগুলি রিলিজ হবে। দরকার পড়লে তার জন্য ১০০ শতাংশ পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হবে। তবে গতকাল সকালে বৈঠকের পর ছবি রিলিজ নিয়ে আর কোনও সমস্যা নেই। দীপাবলিতেই মুক্তি পাচ্ছে ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর, আনুশকা শর্মা ও ফাওয়াদ খান অভিনীত অ্যায় দিল হ্যায় মুশকিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *