বিডি নিউজ ৬৪: নারী কৃষকের স্বীকৃতি ও খাদ্য অধিকার আইনের দাবিতে সাতক্ষীরায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‘ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড অ্যাকশন এইড বাংলাদেশ’ এর আর্থিক সহযোগিতায় আজ শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স, প্রগতি এবং খানি, বাংলাদেশ।
প্রগতির নির্বাহী পরিচালক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, আনিসুর রহিম এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান।
গোলটেবিল বৈঠকে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক ইয়ারব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন, ন্যাপ সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, কৃষি ও পরিবেশ রক্ষায় নারীরা মূখ্য ভূমিকা পালন করলেও পুরুষশাসিত সমাজ তা কখনো স্বীকৃতি দিতে চায় না। নারী তার ঘরের, বাইরের কাজের মূল্যয়ন ও কাজের সঠিক শ্রম মূল্য পায় না। নারীর অবস্থা পরিবর্তনে প্রয়োজন নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা। তাই পুরুষশাসিত সমাজে নারীর বৈষম্য দূর করতে সবার আগে পুরুষের এগিয়ে আসতে হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল