বিডি নিউজ ৬৪: রাজশাহীর তানোরের মুণ্ডুমালা পৌর এলাকার গৌরাঙ্গপুর গ্রামে রুবেল (২৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
জানা গেছে, গৌরাঙ্গপুর গ্রামের আব্দুর রশিদ মাস্টারের সঙ্গে একই গ্রামের মুন্তাজ আলীর ঈদগাহ মাঠের জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আব্দুর রশিদ মাস্টারের ছেলে রুবেল ঈদগাহ মাঠের পাশে সকালে হাঁটতে বের হন। এ সময় মুন্তাজ আলী, তার ছেলে আব্দুল্লাহ, মেয়ের জামাই আতাউর রহমানসহ তাদের লোকজন মিলে রুবেলকে একা পেয়ে প্রকাশ্যে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে।
এদিকে, রুবেল হত্যার বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়লে রশিদ মাস্টারের লোকজন মুন্তাজ আলীর বাড়ি ঘেরাও করে রাখে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া বাড়ি থেকে মুন্তাজ আলী ও তার ছেলে আব্দুল্লাহকে গ্রেপ্তার করে। নিহত রুবেলের বাবা আব্দুর রশিদ মাস্টার বলেন, “জায়গা নিয়ে দ্বন্দ্ব আমার সঙ্গে, তারা আমাকে মারতো, কেন আমার ছেলেকে হত্যা করলো?” তানোর থানার ওসি মির্জা আব্দুস সালাম বলেন, “এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল