গাইবান্ধায় মামার হামলায় আহত ভাগ্নের মৃত্যু
গাইবান্ধায় মামার হামলায় আহত ভাগ্নের মৃত্যু

গাইবান্ধায় মামার হামলায় আহত ভাগ্নের মৃত্যু

বিডি নিউজ ৬৪: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামার হামলায় আহত ভাগ্নে মো. সবুর উদ্দিনের (৩৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামা কুদ্দুস (৫০) ও পাশান (৩০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় সবুর উদ্দিনের। এর আগে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডির চর এলাকায় বুধবার বিকেলে হামলার ঘটনা ঘটে। সবুর উদ্দিন হরিচন্ডিরচরের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান জানান, সবুরের সঙ্গে তার মামা কেশমত মন্ডলের ছেলে মহিবার ও কুদ্দুসের জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার বিকেলে সবুর ওই জমিতে ভূট্টা লাগানোর জন্য যায়। এ সময় তার মামা মহিবার ও কুদ্দুস সবুরকে বাধা দেয়। তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। তখন এক পর্যায়ে মামা মহিবার ও কুদ্দুস সবুরের উপর হামলা চালিয়ে মারপিট করতে থাকে। এতে সবুর গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় সবুরের।

ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্ত জামালপুর মেডিকেল হাসপাতালে সম্পন্ন হবে। এ ঘটনায় নিহত সবুরের পরিবারের পক্ষ থেকে ফুলছড়ি থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *