বিডি নিউজ ৬৪: নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলায় দুর্ধর্ষ সন্ত্রাসী মীর হোসেন মীরু বাহিনীর হামলায় আহত আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী জনতা লীগ নেতা শেখ স্বাধীন মনির হোসেন (৩৫) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে গুরুতর আহত হওয়ার পর আজ বুধবার সকাল ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শেখ স্বাধীন মনির ফতুল্লা থানার আওয়ামী জনতা লীগের সভাপতি। তিনি ফতুল্লা খানার রসুলপুর গ্রামের মোসলেম শেখের ছেলে।
জানা গেছে, পাগলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইতিমধ্যে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর হোসেন মীরু বাহিনীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল মনিরের। সম্প্রতি পাগলা রসুলপুর এলাকায় ডিশ ব্যবসার আধিপত্য নিয়ে স্থানীয় লিটন ও মীর হোসেন মীরু গ্রুপের সঙ্গে সংঘর্ষ হয়। ওই সময় লিটনের পক্ষে মনির হোসেন সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে মীরুর ভাগিনা পরিচালিত শাকিল ক্যাবল টিভি নেটওয়ার্ক নামে ডিশ ব্যবসার কার্যালয় ভাঙচুর করা হয়। এতে লিটনসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মীরু বাহিনীর এক সদস্য বাদী হয়ে মনির হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এর আগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে মীরু নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছে। তার অবতর্মানে ভাগিনা শাকিল মীরু বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন বলে স্থানীয়রা জানান।
নিহত মনিরের ভাগ্নে আশরাফ হোসেন জানান, ওই বিরোধের জের ধরেই মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় শেখ স্বাধীন মনির হোসেন তার স্ত্রী মেঘলা ও মেঘলার বড় বোন রেখাকে নিয়ে এক আত্মীয়ের বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। পথে পাগলা ওয়াসা লেগুনা এলাকায় মীর হোসেন মীরু বাহিনীর লোকজন তাদের পথরোধ করে। এ সময় সন্ত্রাসীরা প্রথমে মনির হোসেনকে এলোপাতাড়ি কোপায়। তার স্ত্রী মেঘলা ও মেঘলার বড় বোন রেখা চিৎকার করলে সন্ত্রাসীরা তাদেরও কোপায়। এ সময় আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। রাতে তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকালে মনির মারা যান।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ জালাল জানান, রাতেই এলাকাবাসীর মাধ্যমে পাওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল