ব্রাভোর সেঞ্চুরিও পাকিস্তানের জয় ঠেকাতে পারল না
ব্রাভোর সেঞ্চুরিও পাকিস্তানের জয় ঠেকাতে পারল না

ব্রাভোর সেঞ্চুরিও পাকিস্তানের জয় ঠেকাতে পারল না

বিডি নিউজ ৬৪: দুবাইয়ে শেষ দিনে জমে উঠেছিল দিবারাত্রির টেস্ট। পাকিস্তান দলের মাঝে ভয়ের একটা শিহরণ খেলে গেল। ড্যারেন ব্রাভো দেয়াল তুলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের জয়কেও খুব অসম্ভব মনে হচ্ছিল না। এই পরিস্থিতিতে বোলাররা উদ্ধার করলেন পাকিস্তানকে। সেঞ্চুরিয়ান ব্রাভোকে বিদায়ের মাঝে তাদের ফেরা। এরপর তুলে নেওয়া ৫৬ রানের স্মরণীয় এক জয়। সোমবার ম্যাচের শেষ দিনের শেষ বিকেলে শেষ হাসিটা পাকিস্তানেরও। ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল তারা।

প্রথম ইনিংসে আজহার আলীর ট্রিপল সেঞ্চুরি। কিন্তু দ্বিতীয় ইনিংসে দেবেন্দ্র বিশুর ৮ উইকেটে পাকিস্তানের অবিশ্বাস্য পতন। তাতে ৩৪৬ রান তাড়া করে জিতলে চতুর্থ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড হয়। ২৪৯ বলে ১১৬ রানের ইনিংস খেলে হুমকি দিচ্ছিলেন ব্রাভো। কিন্তু ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস ১২ ওভার হাতে রেখে ২৮৯ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। নিজেদের ঐতিহাসিক ৪০০তম টেস্টে জয় তুলে নিয়ে এটিকে মনে রাখার মতো করে তারা। নিজেদের ও এশিয়ার ইতিহাসের প্রথম ডে-নাইট টেস্টে জয়ের গৌরব তাদের।

ব্রাভো ৬৭ বলে ২৬ রানে দিন শুরু করেন। দলের রান তখন ২ উইকেটে ৯৫। কিন্তু দিনের প্রথম বলেই মারলন স্যামুয়েলস আউট। প্রথম ঘণ্টায় বিদায় জারমেইন ব্ল্যাকউডেরও। ব্রাভো এরপর পঞ্চম উইকেটে ৭৭ রানের জুটি গড়েন রোস্টন চেজের (৩৫) সাথে। রোস্টন বিদায় নেওয়ার পরও লড়াই চলতে থাকে ব্রাভোর। অধিনায়ক জ্যাসন হোল্ডারের (অপরাজিত ৪০) ব্রাভো ৬৯ রানের জুটি গড়েন সপ্তম উইকেটে।

তখন জিততে আর ৮৩ রান দরকার। হাতে ৪ উইকেট। আরো ঘণ্টা খানেক তাদের হাতে। প্রথম ইনিংসে একটুর জন্য সেঞ্চুরি মিস করা ব্রাভো সেঞ্চুরি পেয়েছেন। কিন্তু এই সময় ইয়াসির শাহকে ক্লান্ত ড্রাইভ করলেন ব্রাভো। দুর্দান্ত এক ফিরতে ক্যাচ নিয়ে ইয়াসির ম্যাচটাও মুঠোর মধ্যে নিলেন। ২৬ রানে শেষ ৪ উইকেট নিয়ে জয় পাকিস্তানের। আজহার এই ম্যাচের সেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *