বিডি নিউজ ৬৪: সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের লক্ষ্যে জনমত গড়ে তোলার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ব্যাপক প্রচারণা চালানোর সুপারিশ করা হয়েছে। সেক্ষেত্রে দেশের সর্বত্রে র্যালি, পোস্টারিং ও সভা-সমাবেশ করা যেতে পারে বলে কমিটির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। আজ সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কমিটি সভাপতি মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রী বীরেন শিকদার, মো. মাহবুব আলী ও মো. নূরুল ইসলাম তালুকদার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে একের পর এক শিক্ষিত যুবকদের জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ঘটনা নিয়ে আলোচনা হয়। সেখানে যুব সমাজকে বিপদগামী করার পেছনের শক্তিকে চিহ্নিত করার প্রতি গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জঙ্গিবাদের ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার চর্চা বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা প্রয়োজন বলে উল্লেখ করা হয়। আর এজন্য দেশব্যাপী প্রচারণা চালাতে মন্ত্রণালয়কে বিশেষ উদ্যোগ নিতে বলা হয়।
বৈঠকে দেশের বিভিন্ন স্থানে নতুন স্টেডিয়াম নির্মাণের পূর্বে আধুনিক ও দৃষ্টিন্দন ডিজাইন প্রণয়ন করে নির্মাণকাজ পরিচালনার পরামর্শ দেওয়া হয়। আর ক্রীড়া ক্ষেত্রে আরো ভাল কিছু উপহার দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, হকি ফেডারেশনসহ অন্যান্য ফেডারেশনের কার্যক্রমে গতিশীল করার প্রতি গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়াও খসড়া জাতীয় যুবনীতি-২০১৫ আগামী ডিসেম্বর মাসের মধ্যে চুড়ান্ত করার সুপারিশ করা হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল