বিডি নিউজ ৬৪: আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের জন্য ৩০ জনকে মনোনয়ন দেয়া হয়েছে। যার মধ্যে হট ফেবারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে আলজেরিয়ার উইঙ্গার রিয়াদ মাহরেজকে। আগামী ৫ জানুয়ারি আবুজায় বর্ষসেরা আফ্রিকান ফুটবলারের নাম ঘোষনা করা হবে। মাত্র দুই বছর আগে ফ্রেঞ্চ ক্লাব লি হাভরে থেকে লিস্টারের যোগ দেয়া মাহরেজ যদি এই পুরস্কারে ভূষিত না হন তবে সেটা অন্যায় হবে বলে মত অনেকের।
গোল করতে এবং গোল করাতে উভয় দিক থেকেই সমান দক্ষ মাহরেজ। ২০১৫-১৬ ইংলিশ প্রিমিয়ার লীগ মৌসুমে লিস্টার সিটির শিরোপা জয়ের পিছনে তার অবদান ছিল সর্বাগ্রে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া এই ফুটবল লীগে সতীর্থদেরও বেশ প্রশংসা কুড়িয়েছেন মাহরেজ। ইপিএল বর্ষসেরা খেলোয়াড় হিসেবে সতীর্থরাও তাকেই ভোট দিয়েছে। ক্লাব ছাড়াও আলেজেরিয়ার হয়েও নিজেকে সমানভাবে প্রমান করেছেন মাহরেজ। বেশ কয়েক বছর যাবতই ধারাবাহিকভাবে তিনি আফ্রিকান ফুটবলে শীর্ষ স্থানটি ধরে রেখেছেন। মধ্যমাঠের ডানদিকে তিনি এতটাই দক্ষতা দেখিয়েছেন যে দীর্ঘদিনের আলজেরিয়ান ফুটবল আইকন সোফিয়ানে ফেগুলিনেকেও মূল একাদশে জায়গা ছেড়ে দিতে হয়েছে।
মাহরেজ ছাড়াও লিস্টারের আরো এক আলজেরিয়ান ও এক নাইজেরিয়ান এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তারা হলেন মাহরেজের সতীর্থ স্ট্রাইকার ইসলাম সিলমানি ও নাইজেরিয়ার উইঙ্গার আহমেদ মুসা। ইপিএল ফুটবলাররা মনোনীতদের তালিকায় আধিপত্য বিস্তার করেছেন। এই লীগ থেকে ১২, ইতালিয়ান সিরি-আ থেকে ৩ জন, লা লিগা থেকে ২ জন, ফ্রেঞ্চ লীগ ও বুন্দেসলিগা থেকে মনোনীত হয়েছেন একজন করে। নির্বাচনী প্রক্রিয়ায় সিএএফ গণমাধ্যম, ডেভেলপমেন্ট ও এন্ড টেকনিক্যাল কমিটির সদস্য, সাংবাদিক ও টেলিভিশন পরামর্শক, জাতীয় কোচ ও জাতীয় টেকনিক্যাল পরিচালকরা জড়িত।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল