বিডি নিউজ ৬৪: মেহেরপুরের গাংনীতে গাঁজা চাষের দায়ে সুলতান শেখ (৬০) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল হোসেন এ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত সুলতান গাংনী থানাপাড়ার মৃত লুৎফর শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাংনী থানার এসআই বখতিয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নিয়ে থানাপাড়ার সুলতান শেখের বাড়িতে অভিযান চালান। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ গ্রাম গাঁজা এবং বাড়ির আঙিনায় চাষ করা একটি গাঁজা গাছ উদ্ধার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে এ সাজা দেওয়া হয়।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “ভ্রাম্যমাণ আদালতের আদেশে সুলতানকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল