৪৫ ওভারের ম্যাচে ইংলিশদের টেস্ট ব্যাটিং
৪৫ ওভারের ম্যাচে ইংলিশদের টেস্ট ব্যাটিং

৪৫ ওভারের ম্যাচে ইংলিশদের টেস্ট ব্যাটিং

বিডি নিউজ ৬৪: ম্যাচটা ৯০ ওভারের। প্রত্যেক দলের জন্য নির্ধারিত ৪৫ ওভার। আর এই স্বল্পদৈর্ঘ্যের ম্যাচেই রীতিমতো টেস্ট ব্যাটিং প্র্যাকটিস করছে ইংল্যান্ড দল। বিসিবি একাদশের বিপক্ষে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ৩১ ওভার খেলে ২ উইকেটে ৯৪ রান তাদের। গ্যারি ব্যালান্স (৫) ও মঈন আলি (৯) ব্যাট করছেন।

আগের দিন ভেজা আউটফিল্ডের কারণে খেলা হয়েছে পণ্ড। গোটা দিন মাঠে গড়ায়নি খেলা। ২০ তারিখের প্রথম টেস্টের আগে দুই দিনের প্রথম প্রস্তুতি ম্যাচের মাত্র একদিন আর হাতে থাকে। কিন্তু ব্যাটিং প্র্যাকটিস তো দরকার। নিয়মিত অধিনায়ক ও ওপেনার অ্যালিস্টার কুক সন্তানের জন্ম উপলক্ষ্যে দেশে ফিরে গেছেন। ফিরবেন মঙ্গলবার। তার অনুপস্থিতিতে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা দুই তরুণ বেন ডাকেট ও হাসিব হামিদ ওপেন করেছিলেন।

ফার্স্টক্লাস ক্রিকেটে ইংল্যান্ডের দুই সেনসেশন এখন এই দুজন। ১৯ বছরের হাসিবের স্ট্রাইক রেট ৩৯ এর কাছাকাছি। ২১ বছরের ডাকেটের ৭০ এর বেশি। এই দুজন ১৮ ওভার খেললেন এক সাথে। রান আসলো ৭৫। এর সিংহভাগ ডাকেটের। ৮৪ বলে ৬ বাউন্ডারিতে ৫৯ রান করে অবসর নিয়েছেন তিনি। বিসিবি একাদশের অধিনায়ক লেগ স্পিনার সাব্বির রহমান এরপর জোড়া আঘাত হানেন। প্রথম শিকার করেছেন সেরা ব্যাটসম্যান জো রুটকে (২)। পরের ওভারে তুলে নিয়েছেন হাসিবের উইকেট। যথার্থই টেস্ট ওপেনার হাসিব ১ ঘণ্টা ৪০ মিনিট ব্যাট করেছেন। ৫৬ বলে ১ বাউন্ডারিতে ১৬ রান করে আউট হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *