বিডি নিউজ ৬৪: পাকিস্তানি নারী ফুটবল দলের তারকা স্ট্রাইকার সাহেলিয়া আহমদাজি বালুচ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পাকিস্তানের রাজধানী করাচিতে গত বুধবার গভীর রাতে এই সড়ক দুর্ঘটনা ঘটে। সাহেলিয়ার বোন রাহেলা এবং পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি রাস্তার পাশের একটি খুঁটিতে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ সুপার সাকিব ইকবাল মেমন বলেছেন, “সাহেলিয়া তার টয়োটা প্রাইভেটাকারযোগে গ্রামের বাড়ি থেকে ফিরছিল। পথে এমার ভবনের কাছাকাছি আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ফুটপাতে উঠে যায় এবং একটি খুটিতে ধাক্কা মারে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন সাহেলিয়া।”
এই ঘটনায় গাড়িটির ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
সাহেলিয়া ১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তানের নারী ফুটবল দলের পাশাপাশি বেলুচিস্তান নারী ফুটবল দলেরও একজন তারকা স্ট্রাইকার। সাহেলিয়ার মা পাকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশনের নারী শাখার প্রধান। বোন রাহেলা জারমিন ফুটবল দলের সহকারী ম্যানেজার। তার বাবা একজন প্রাদেশিক পরিষদের মন্ত্রী।

সাহেলিয়ার এই মর্মান্তিক মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেটের সুপারস্টার শহিদ আফ্রিদি। তিনি লিখেছেন, “সাহেলিয়ার এই মর্মান্তিক মৃত্যুসংবাদে আমি ভীষণ ব্যাথিত। পরম করুণাময় আল্লাহর দরবারে তার আত্মার শান্তি জন্য প্রার্থনা করছি। আল্লাহ যেন তার পরিবারকে এই শোক সহ্য করার ক্ষমতা দেন।”
পাকিস্তানের মত কট্টর রক্ষণশীল দেশে সাহেলিয়া মাত্র ৭ বছর বয়স থেকে ফুটবল খেলা শুরু করেন। সেই সময় তিনি ‘ফিফা ইয়ংগেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড’ অর্জন করেন। তিনি ২০০৯, ২০১১ এবং ২০১৩ সালে পাকিস্তানের সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছিলেন। তার প্রিয় খেলোয়াড় আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা এবং সুপারস্টার মেসি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল