ট্রাম্পের বিরুদ্ধে ৫ নারীর গুরুতর যৌন হয়রানির অভিযোগ
ট্রাম্পের বিরুদ্ধে ৫ নারীর গুরুতর যৌন হয়রানির অভিযোগ

ট্রাম্পের বিরুদ্ধে ৫ নারীর গুরুতর যৌন হয়রানির অভিযোগ

বিডি নিউজ ৬৪: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নারীদের নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে এমনিতেই নাকাল পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। এবার এ পরিস্থিতি আরো বেহাল ও জটিল হয়ে উঠেছে বুধবার তার বিরুদ্ধে করা পাঁচ নারীর গুরুতর যৌন হয়রানির অভিযোগের মধ্য দিয়ে। তাদের মধ্যে একজন ট্রাম্পকে অক্টোপাসের সঙ্গেও তুলনা করেছেন।
তবে ক্ষুব্ধ ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করেন এবং একইসঙ্গে তার প্রচারণা শিবির থেকে এসবকে তার চরিত্রহননের উদ্দেশ্যে করা বলে বর্ণনা করা হয়েছে।
দ্য নিউইয়র্ক টাইমস, দ্য পাম বিচ পোস্ট, এনবিসি ও ইয়াহু নিউজে ট্রাম্পের বিরুদ্ধে সর্বশেষ এই অভিযোগ উঠে এসেছে। বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।
নিউইয়র্ক টাইমস পত্রিকাকে দুই নারী বলেছেন, যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প তাদের জাপটে ধরে চুমু খেয়েছিলেন।
সাবেক এক নারী ব্যবসায়ী বলেছেন, প্রায় তিন দশক আগে ট্রাম্প তাকে যৌন হয়রানি করেন। একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। জেসিকা লিডস নামের এই নারীর ভাষ্য, একটি ফ্লাইটে ট্রাম্পের পাশেই ছিলেন তিনি। ট্রাম্প একপর্যায়ে শরীরের আপত্তিকর সকল জায়গায় তাকে স্পর্শ করতে শুরু করেন। ওই সময় তার বয়স ছিল ৩৮ বছর। তিনি বলেন, সেদিন ট্রাম্পের আচরণ ছিল একটা অক্টোপাসের মতো।
নিউইয়র্ক টাইমস পত্রিকাকে অপর নারী র‌্যাচেল ক্রুকস বলেন, ট্রাম্প টাওয়ারে একটি রিয়েল এস্টেট কোম্পানীর রিসেপশনিষ্ট ছিলেন তিনি। ২০০৫ সালের এক সকালে এলিভেটরের সামনে ট্রাম্প তাকে তার ইচ্ছার বিরুদ্ধে চুমু খান।
দুই নারীর অভিযোগের ভিত্তিতে নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনকে পুরোপুরি বানানো গল্প বলেছে ট্রাম্পের প্রচারনা শিবির। তারা বলছে, পত্রিকাটি ট্রাম্পের চরিত্র হনন করছে। নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করতে রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের খবর প্রকাশ করা হচ্ছে।
এদিকে সিনিয়র তিনটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এবিসি নিউজের খবরে বলা হয়েছে, মানহানির অভিযোগে ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
মিনডি ম্যাকগিলিভরে (৩৬) নামের এক নারীর অভিযোগের ভিত্তিতে পাম বিচ পোস্টে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালে এই নারীকে বাজে ভাবে স্পর্শ করেছিলেন ট্রাম্প। এ ঘটনায় তিনি ভড়কে গিয়েছিলেন। তখন তার বয়স ছিল ২৩ বছর।
২০১৩ সালের মিস ওয়াশিংটন ক্যাসান্ড্রা সার্লেসের অভিযোগ ইয়াহু নিউজ প্রকাশ করেছে। এই নারীও ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। সার্লেসের অভিযোগ, ট্রাম্প তাকে নোংরাভাবে জড়িয়ে ধরে তার হোটেল রুমে নেয়ার চেষ্টা করেন।
এছাড়া ট্রাম্পের বিরুদ্ধে আরো অভিযোগ করেন তাগার্ত ম্যাকদোয়েল। এনবিসি’র কাছে তিনি বলেন, ১৯৯৭ সালের মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতাকালে ট্রাম্প তার ঠোঁটে চুমু খেয়েছিলেন। সে সময়ে তার বয়স ছিল ২১ বছর।
ট্রাম্পের বিরুদ্ধে এ ধরণের একের পর এক কুরুচিপূর্ণ খবর প্রকাশিত হতে থাকায় হাউস স্পিকার পল রায়ানসহ রিপাবলিকান দলের অনেক নেতা তার থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *