১০ টাকায় চাল দেওয়ার নামে লুটপাট চলছে : দুদু
১০ টাকায় চাল দেওয়ার নামে লুটপাট চলছে : দুদু

১০ টাকায় চাল দেওয়ার নামে লুটপাট চলছে : দুদু

বিডি নিউজ ৬৪: সরকার দরিদ্র মানুষকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার নামে লুটপাট শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গরিব মানুষের বদলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব চাল পাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান। শামসুজ্জামান দুদু বলেন, যে প্রক্রিয়ায় এই চাল বিপণন হচ্ছে তাকে শুধু লুটপাটই আখ্যা দেওয়া যায়। গরিব মানুষের মধ্যে বিতরণের কথা বলে এখন এই চালের বিপণন কার্ড পাচ্ছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মী, তাদের দলীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের আত্মীয়স্বজন, নিকটজন এবং তাদের সমর্থক ধনী ও সচ্ছল ব্যক্তিরা।

কার্ডধারী ব্যক্তিরাও এই চাল ১০ টাকা কেজি দরে কিনে বেশি দামে পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, প্রভাবশালী মহল তা কিনে সরকার নির্ধারিত মূল্যে সরকারি গোডাউনে বিক্রি করার জন্য মজুদ করছে। এ চাল বিপণনের ক্ষেত্রেও ওজনে কম দেওয়া হচ্ছে। ৩০ কেজি চাল দেওয়ার টিপসই নিয়েও আট/দশ কেজি দেওয়া হচ্ছে। তালিকা অনুমোদনের আগেই ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে। এই চাল খোলাবাজারে বিক্রির ঘটনাও ঘটেছে। খাদ্য বিভাগ থেকে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগও উঠেছে। কোনো কোনো জায়গা থেকে শত শত বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

গরিবের হক নিয়ে ক্ষমতাসীনরা গ্রামাঞ্চলে যে লুটপাট, দুর্নীতি, কেলেঙ্কারি ও অনিয়মের খেলা শুরু করেছে, তাকে নজিরবিহীন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এর আগে বিনামূল্যের কাজের বিনিময়ে খাদ্য বা কাবিখা, টেস্ট রিলিফ (টিআর), বিধবা-ভাতা, বয়স্ক-ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতা এবং হতদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসূচি নিয়েও বর্তমান সরকারের দুর্নীতি ও কেলেঙ্কারির ইতিহাস রয়েছে বলে উল্লেখ করেন শামসুজ্জামান দুদু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *