বিডি নিউজ ৬৪: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা, ছেলে এবং পুত্রবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের খাঁশিরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
জয়মনিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারমান আব্দুল ওয়াদুদ জানান, পার্শ্ববর্তী আলতাব হোসেনের বাড়ি থেকে বিদ্যুতের পার্শ্ব সংযোগ নিয়েছিলেন জয়মনিরহাট ইউনিয়নের খাঁশির ভিটা গ্রামের আজিজার রহমান। বুধবার রাত ১০টার দিকে লাইনের তার ছিড়ে যাওয়ায় সংযোগ তার লাগাতে গিয়ে তারে জড়িয়ে যান আজিজার রহমানের ছেলে সাইফুর রহমান (২৫)। তার স্ত্রী মমতাজ (২৩) তাকে বাঁচাতে গিয়ে নিজেও তারে জড়িয়ে যান। এ সময় আজিজার রহমানের স্ত্রী ছবিরন (৪২) দৌড়ে গিয়ে তাদের শরীর স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান মা, ছেলে এবং পুত্রবধূ। এ ঘটনায় গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
রাত সাড়ে ১১টায় ভুরুঙ্গামারী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, “চেয়ারম্যান সাহেব ফোনে বিষয়টি জানিয়েছেন। আমাদের ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল