রশিদের ধাক্কা সামলাচ্ছে বাংলাদেশ
রশিদের ধাক্কা সামলাচ্ছে বাংলাদেশ

রশিদের ধাক্কা সামলাচ্ছে বাংলাদেশ

বিডি নিউজ ৬৪: ইমরুল কায়েস ফিরে গেলেন ৪৬ রানের চমৎকার এক ইনিংস খেলে। ৮০ রানে উদ্বোধনী জুটি ভাঙলো। এরপর প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ৫,০০০ রানের মাইলফলক পেরিয়ে গেলেন তামিম ইকবাল। সবকিছু ঠিক চলছে। এর মধ্যে প্রথমবারের মতো আক্রমণে এলেন লেগ স্পিনার রশিদ আলি। এবং তাতে ভোজবাজির মতো বদলে গেল পরিস্থিতি। দুই ওভারে দুই আঘাত হানলেন রশিদ। ১২২ রানে ৩ উইকেট হারানো দল বাংলাদেশ।

এই রিপোর্ট লেখার সময় চট্টগ্রামে ফাইনাল হয়ে ওঠা শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে কিছুটা চাপে টাইগাররা। ২৮ ওভারে ৩ উইকেটে ১৪১ রান। চেষ্টা ধাক্কা সামলানোর। সাব্বির রহমান ৩১ ও মুশফিকুর রহিম ৪ রানে ব্যাট করছেন।

ইমরুল ও তামিমের শুরুটা ছিল চমৎকার। সতর্ক। আত্মবিশ্বাসী। দারুণ বোঝাপড়া। ইংলিশদের সুযোগ না দিয়ে ব্যাটিং। সুন্দর স্ট্রাইক রোটেট, রানিং বিটুইন দ্য উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে গত দেড় সপ্তাতে দুটি সেঞ্চুরি হাঁকানো ইমরুল আরেকটি ফিফটির কাছে। কিন্তু দলের ৮০ রানের সময় বনে স্টোকসের শিকার হয়ে গেলেন। ৫৬ বলে ৪৬ রানের ইমরুলীয় ইনিংসটিতে ১টি ছক্কা ও ৪টি বাউন্ডারি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তামিমের খুব প্রিয়। এখানে আরেকটি ফিফটির দিক এগিয়ে গেলেন। ৫,০০০ রানের মাইলফলক পেরোলেন ক্রিস ওকসকে চমৎকার বাউন্ডারি মেরে। কিন্তু পরের ওভারে আসা রশিদের গুগলি না বুঝে প্রাণ দিলেন। শেষ ৬৮ বলে তামিমের লড়াকু ৪৫ রানের ইনিংস। যেখানে বাউন্ডারি ৫টি। রশিদকে ফ্রন্ট ফুটে আসতে দেবেন না ভেবেই হয়তো মাহমুদ উল্লার প্রথম স্কোরিং রান হলো ছক্কা! রশিদকেই। কিন্তু পরের বলেই শোধ। আগের ম্যাচে ম্যাচ জেতানো ৭৫ রানের ইনিংস খেলা মাহমুদ উল্লাহ এবার ৬ রানেই ফেরেন।

টানা তৃতীয় ম্যাচে টস হেরেছেন মাশরাফি বিন মুর্তজা। দারুণ গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই। আগের ম্যাচের একাদশই খেলছে। কিন্তু ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন আছে। জ্যাসন রয় সুস্থ নন। তার জায়গায় ইনিংস ওপেন করবেন স্যাম বিলিংস। আর পেসার ডেভিড উইলির জায়গা নিয়েছেন লিয়াম প্লাঙ্কেট।

সিরিজে এখন ১-১ এ সমতা। প্রথম ম্যাচটা ঢাকার মিরপুরে জিততে জিততে হেরেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর এক জয় তুলে নেয় টাইগাররা। চট্টগ্রামে বরাবর বাংলাদেশ বেশি ভালো খেলে। এই মাঠেই ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর স্মৃতি আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *