'ইংল্যান্ডকে খোঁচাতে থাক'
'ইংল্যান্ডকে খোঁচাতে থাক'

‘ইংল্যান্ডকে খোঁচাতে থাক’

বিডি নিউজ ৬৪: ইংল্যান্ডের অভিজাত সংবাদপত্র টেলিগ্রাফে মাইকেল ভনের কলামটা পড়ে চমকে উঠবেন। সেখানে তিনি লিখছেন, ইংল্যান্ডকে এভাবে ‘খোঁচাতে থাকলেই’ বুধবার ওয়ানডে সিরিজটা জিতে নিতে পারে বাংলাদেশ! চাপের মুখে ভেঙে পড়তে পারে ইংলিশরা!

রবিবার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে মেজাজ হারানো কাণ্ডে জস বাটলার পেয়েছেন ভনের পুরো সমর্থন। ভন তো উসকেই দিলেন ইংলিশ অধিনায়ক ও দলকে! কিন্তু এই সাবেক ব্যাটসম্যানই আবার শেষে গিয়ে লিখলেন, তিনি বাংলাদেশ দলের কেউ হলে বুধবার পর্যন্ত টাইগার দলে ইংল্যান্ডকে খোঁচানোর আগুনটা জ্বালিয়ে রাখতেন। যে আগুনটা মিরপুরে সেদিন জ্বলে উঠে এখনও জ্বলছে। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের কাছে ওটাই যে বৃটিশদের বিপক্ষে বাঙালির প্রথম কোনো সিরিজ জয়ের মূলমন্ত্র!

ভন বাংলাদেশের খেলোয়াড়দের বেশ কিছুটা ধুয়ে দিলেন শুরুতে। কিন্তু শেষে গিয়ে পুরো এক প্যারা জুড়ে মাশরাফি বিন মুর্তজার দলকে দিলেন পরামর্শ, “যখন ভালো করি তখন তো আর আমরা সবচেয়ে বিনয়ী জাতি নই। আমরা বেশ দম্ভ দেখাই। অন্যরা তো আমাদের আঘাত করতে চাইবেই। আমি বাংলাদেশ দলের কেউ হলে ওদের মধ্যে বুধবার পর্যন্ত এই ব্যাপারটা জাগিয়ে রাখার চেষ্টা করতাম। ওটাই আমার টিম-টক হতো। বলতাম, ওদের আপসেট করতে যা পারো তার সব কিছু কর। ইংল্যান্ডের দু-তিনজন আগুন চরিত্র আছে। ওদের খোঁচাতে থাক। দেখ চাপে ওরা ভেঙে পড়ে কি না।” প্রথম ম্যাচে অবিশ্বাস্য ভাবে বাংলাদেশ ২১ রানে হেরে সিরিজে পিছিয়ে যায়। পরের ম্যাচে অসাধারণ খেলে ইংল্যান্ডকে ধসিয়ে দিয়ে সিরিজে ১-১ এ সমতা আনে। বুধবার চট্টগ্রামের সিরিজ নির্ধারণী ম্যাচটি তাই অঘোষিত ফাইনালই হয়ে গেছে।

বাংলাদেশকে পরামর্শ দেওয়ার আগে অবশ্য ভন কেবল মাঠের ওই উত্তেজনা নিয়েই লিখেছেন। ইংলিশ অধিনায়ক বাটলারের আউট হওয়ার পর মাহমুদ উল্লাহর দিকে তেড়ে যাওয়া প্রসঙ্গে বিস্তর কথা খরচ করেছেন। “এই পরিস্থিতে বেশির ভাগ অধিনায়ক যে প্রতিক্রিয়া দেখাত তাই দেখিয়েছে জস। তারা আমার সামনে এসে ওভারে দৌড়াদৌড়ি করলে আমিও ঠিক একই কাজ করতাম। এই রকম প্ররোচনায় মাথা নিচু করে ফিরে আসা কাউকে চেনা নেই আমার।” ভন লিখেছেন, “ভুলে গেলে চলবে না বাংলাদেশ চাপে ছিল। তারা প্রথম ম্যাচটা ছুড়ে দিয়ে এসেছে। দেখছিল, দ্বিতীয় ম্যাচটাও সেই পথে হাঁটছে। তারা তখন মাত্রই ইংল্যান্ডের সেরা খেলোয়াড়কে আউট করেছে যে তার দলকে পার করে দিতে পারতো। তাই এই উল্লাসের মাত্রাটা বোধগম্য। কিন্তু তারা বাড়াবাড়ি করেছে। ম্যাচ রেফারি দুই বাংলাদেশি খেলোয়াড়কে জরিমানা করাতেই স্পষ্ট তারা ভুল করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *