মুন্সিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
মুন্সিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

বিডি নিউজ ৬৪: মুন্সিগঞ্জের ধারালো অস্ত্রের কোপে মো. ফয়সাল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন যুবক। আজ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের পুরাডিসি এলাকায়। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী হামলার অভিযোগে মিরাজ হোসেন (২২) নামের একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ জানায়, নিহত ফয়সালের বাড়ি সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা ঢালীকান্দি এলাকায়। তার বাবার নাম নজরুল ইসলাম। হামলায় আহত মো. আকাশ (২২) ও শাহিনুরকে (২৫) প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপর আহত মাসুমকে (১৭) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় একাধিক এলাকাবাসী জানায়, স্থানীয় এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে সদর উপজেলার ফয়সাল ও টঙ্গিবাড়ী উপজেলার মিরাজের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আজ রাতে সাড়ে ৮টার দিকে ফয়সাল কয়েক বন্ধুকে নিয়ে টঙ্গিবাড়ী উপজেলায় পুরাডিসি এলাকায় একটি পূজামণ্ডপে পূজা দেখতে যান। পূজা দেখে বের হয়ে মন্দিরের কয়েক শ গজ দূরে পৌঁছালে মিরাজ ও তাঁর পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে ফয়সালদের ওপর হামলা করে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ওসি মো. আলমগীর হোসাইন বলেন, এক তরুণীর সঙ্গে সম্পর্কের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাত ১১টা পর্যন্ত থানায় মামলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *