জঙ্গিদের পরিচয় জানাতে ডিএমপির অনুরোধ
জঙ্গিদের পরিচয় জানাতে ডিএমপির অনুরোধ

জঙ্গিদের পরিচয় জানাতে ডিএমপির অনুরোধ

বিডি নিউজ ৬৪: গাজীপুরের পাতারটেক এলাকার অভিযানে নিহত সন্দেহভাজন সাত জঙ্গির ছবি প্রকাশ করে তাদের বিষয়ে তথ্য চেয়েছে পুলিশ। রবিবার ঢাকা মহানগর পুলিশের ফেইসবুক পাতায় ছবিটি (রক্তাক্ত লাশের ছবি। অপ্রাপ্তবয়স্কদের দেখার ক্ষেত্রে অভিভাবকদের নির্দেশনা নেওয়ার অনুরোধ করা হল) প্রকাশ করা হয়। সেই সঙ্গে ছবির ব্যক্তিদের প্রকৃত জানানোর জন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে যে কোনো তথ্য ডিএমপির ফেইসবুক পাতার (https://www.facebook.com/dmpdhaka/?fref=ts) ইনবক্সে বা হ্যালো সিটি অ্যাপে কিংবা গাজীপুর জেলা পুলিশকে অবহিত করতে অনুরোধ করা হয়েছে। শনিবার গাজীপুর সিটি করপোরেশন এলাকার নোয়াগাঁওয়ের আফারখোলা পাতারটেকের ওই বাড়িতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াটের অভিযানে এই সাতজন নিহত হন।

নিহতরা সবাই গুলশানে হামলাকারীদের দল নব‌্য জেএমবির সদস‌্য ছিলেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন। নিহতদের মধ্যে দলটির নেতা ফরিদুল ইসলাম আকাশ রয়েছেন বলে মন্ত্রী জানালেও পুলিশের প্রকাশ করা ছবিতে আকাশকে চিহ্নিত করা হয়নি। ফেইসবুকে ছবির ব‌্যক্তিদের সম্পর্কে তথ‌্য চেয়ে বলা হয়েছে, জঙ্গি অভিযান ও তদন্তে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে আমরা দেখেছি, জঙ্গিরা বিভিন্ন সময়ে ও বিভিন্ন স্থানে একাধিক ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে থাকে। তদন্তের স্বার্থে তাদের প্রকৃত পরিচয় জানা জরুরি।

পাতারটেকে অভিযানের ঘটনায় নিহত সাত জঙ্গিকে আসামি করে রোববার জয়দেবপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন ওসি খন্দকার রেজাউল হাসান রেজা। অভিযানে ২২ বোরের রাইফেলের প্রায় ১০০ গুলির খোসা, ১০৫টি পিস্তলের গুলি ও পাকিস্তানের তৈরি একটি রিভলবারসহ তিনটি অস্ত্র পাওয়া গেছে বলে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ জানিয়েছেন। পাতারটেকে নিহত সাতজনের লাশ ময়নাতদন্ত করে ইতোমধ‌্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার পাতারটেকের ওই অভিযানের সময়ই র‌্যাবের অভিযানে গাজীপুরের হাড়িনাল পশ্চিমপাড়ার লেবুবাগান এলাকার এক বাড়িতে সন্দেহভাজন দুই জঙ্গি এবং টাঙ্গাইল সদরের কাগমারা গ্রামে আরেক আস্তানায় দুইজন নিহত হন। আর রাতে ঢাকার আশুলিয়ার এক বাড়িতে অভিযানের সময় পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হয় এক ব‌্যক্তির, যাকে নব্য জেএমবির প্রধান অর্থদাতা আব্দুর রহমান আয়নাল (৩০) হিসেবে চিহ্নিত করেছে র‌্যাব। ওই বাসা থেকে ৩০ লাখ টাকাও উদ্ধারের কথা জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *