লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

বিডি নিউজ ৬৪: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন রাজন (৩৮) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। রবিবার রাত ৩টার দিকে উপজেলার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজন উপজেলার উত্তর কেরোয়া ইউনিয়নের লাল গাজী পাটোয়ারির বাড়ির মৃত সৈয়দ আহাম্মদ মিস্ত্রির ছেলে। সূত্র জানায়, রাতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ডাকাত সর্দার রাজন নিহত হন। পরে ঘটনাস্থল থেকে একটি এলজি, তিন রাউন্ড গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

রায়পুর থানার ওসি লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত রাজনের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ ৮/১০টি মামলা ছিল। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে। ওসি বলেন, রবিবার রাত ১০টার দিকে ডাকাত সর্দার রাজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে নিয়ে উত্তর কেরোয়া গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের সঙ্গে রাজনের সহযোগী ডাকাতদের বন্দুকযুদ্ধ হয়।

রাজন গুলিবিদ্ধ হলে তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত ৪ অক্টোবর ওই গ্রামের পুলিশ কর্মকর্তা মাহমুদুর রহমান সেলিমের বাড়িতে ডাকাতির সঙ্গে রাজন জড়িত বলে দাবি করেন ওসি লোকমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *