দুই জঙ্গির রাজশাহীর বাড়ির হদিস মিলেনি
দুই জঙ্গির রাজশাহীর বাড়ির হদিস মিলেনি

দুই জঙ্গির রাজশাহীর বাড়ির হদিস মিলেনি

বিডি নিউজ ৬৪: টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে নিহত জঙ্গি আতিকুর ও সাগরের বাড়ি রাজশাহীতে খুঁজে পাচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‌্যাব-১২ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকীর পক্ষ থেকে মোবাইলে পাঠানো এক খুদে বার্তায় নিহত দুই জনই রাজশাহীর চারঘাট উপজেলার স্থানীয় বাসিন্দা বলে জানানো হয়। কিন্তু সেই ঠিকানা অনুযায়ী এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি। আজ রবিবার সকালে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম ও চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ নিরাবণ চন্দ্র বর্মন এ তথ্য জানান। র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম জানান, নিহত দুই জঙ্গি সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এখনও তাদের কোনো হদিস মিলেনি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

চারঘাটের নিমপাড়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে বিষয়টি জানানোর পর থেকে তিনি খোঁজখবর নেওয়া শুরু করেন। এ সময় নিমপাড়া গ্রামে লতিফ নামে একজনকে পাওয়া যায়। তবে তার ছেলে নিখোঁজ নয়, পরিবারের সঙ্গেই থাকে। আর লতিফুর রহমানের ছেলে আতিকুর নামে কাউকে পাওয়া যায়নি। চারঘাটের ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আলহাজ শফিউল আলম রতন জানান, তার এলাকায় জুনায়েদ হোসেনের ছেলে সাগর নামে কাউকে পাওয়া যায়নি।

এদিকে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ নিরাবণ চন্দ্র বর্মন জানান, খবর পেয়ে উপজেলার নিমপাড়া ও ইউসুফপুর এলাকায় খোঁজখবর নেওয়া হয়। এরমধ্যে নিমপাড়া এলাকায় আতিকুর নামে কাউকে পাওয়া যায়নি। আর ইউসুফপুরে সাগর নামে বেশ কয়েকজনকে পাওয়া গেলেও তাদের বাবা-মায়ের নামের সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া যায়নি এবং তারা পরিবারের সঙ্গেই থাকেন। তিনি বলেন, জঙ্গিরা যেহেতু ছদ্মনাম ব্যবহার করে থাকে তাই তাদের পরিচয় শনাক্ত করতে এখনও পুলিশ কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, শনিবার সকাল ১০টার দিকে টাঙ্গাইল শহরের কাগমারা মির্জামাঠ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করেন। এ সময় জঙ্গিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। এতে দুই জঙ্গি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। পরে র‌্যাব-১২ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকীর পক্ষ থেকে মোবাইলে পাঠানো এক খুদে বার্তায় গণমাধ্যমকর্মীদের জানানো হয়, নিহত দুজনই রাজশাহীর চারঘাট উপজেলার স্থানীয় বাসিন্দা। একজনের নাম আতিকুর রহমান ও অপরজন সাগর হোসেন। দুজনেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। আতিকুরের বাবার নাম লতিফুর রহমান। তার বাড়ি চারঘাট উপজেলার নিমপাড়া গ্রামে। অন্যদিকে সাগর একই উপজেলার ইউসুবপুরের জুনায়েদ হোসেনের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *