বিডি নিউজ ৬৪: জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার গৃহীত সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি তৃণমূল পর্যায়ের নারীদের দারিদ্র্যতা বহুলাংশে হ্রাস করেছে এবং এর মাধ্যমে নারীরা অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী হচ্ছে।
তিনি গতকাল শনিবার ঢাকার একটি হোটেলে গ্রীণ ডেল্টা ইনসিওরেন্স আয়োজিত নিবেদিতা অ্যাপ’র উদ্বোধন ও লোকাল পাইওনিয়ার সেলিব্রেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন ।
স্পিকার বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের একটি রোল মডেল। বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সরকারের শিক্ষানীতি, অবৈতনিক নারী শিক্ষা, শিক্ষার জন্য উপবৃত্তি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিল, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, ভিজিডি, মাতৃমৃত্যু রোধ, শিশুমৃত্যু হ্রাস কমিউনিটি ক্লিনিক ও ক্ষুদ্রঋণ ইত্যাদি কর্মসূচি দারিদ্র্য দূরীকরণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে এবং এর ফলে বাংলাদেশের নারীরা উন্নয়ন ধারায় সম্পৃক্ত হচ্ছে।
স্পিকার বলেন, নিবেদিতা অ্যাপ নারীদের স্বাস্থ্য ইস্যু, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ততাসহ বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নিবেদিতা অ্যাপ’র মাধ্যমে চালু হওয়া ইনসিওরেন্স পলিসিতে প্রিমিয়ামের পরিমাণ কম রাখার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, প্রিমিয়ামের পরিমাণ কম হলে বিপুল সংখ্যক নারী এ সেবার আওতায় আসতে পারবে।
তিনি দরিদ্র নারীদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহকে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টেফান ব্লুম বার্নিকাট, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, গ্রীণ ডেল্টা ইনসিওরেন্সের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও ফারজানা চৌধুরী এবং এডভাইজর নাসির এ চৌধুরী বক্তৃতা করেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল