বিডি নিউজ ৬৪: আন্তর্জাতিক ফুটবলে ফিরেই গোল উৎসব করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার সেই অপ্রতিরোধ্য উৎসবে বেচারা অ্যান্ডোরা হয়ে পড়ে অসহায়। গেল রাতে এই দলকে ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গুনে গুনে চার গোল দিয়েছেন রোনানলো একাই। আর তার দল পর্তুগাল জিতেছে ৬-০ গোলে।
রিয়াল মাদ্রিদের সুপারস্টারের আন্তর্জাতিক গোলের সংখ্যা এখন ১৩৪ ম্যাচে ৬৫টি। কিন্তু তার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল দল গ্রুপ ‘বি’তে তৃতীয় স্থানে। ছোট দল ফারো আইল্যান্ডসের চেয়ে এক পয়েন্ট কম তাদের। তিন পয়েন্টে পিছিয়ে শীর্ষে থাকা সুইজারল্যান্ডের চেয়ে। গ্রুপ চ্যাম্পিয়নরাই কেবল ইউরোপ থেকে রাশিয়ার বিশ্বকাপে যাওয়ার টিকেট নিশ্চিত করবে। গেল রাতে জিতেছে সুইজারল্যান্ড ও ফারো আইল্যান্ডস।
“আমরা জানি আজ রাতে সুইজারল্যান্ড ও ফারো আইল্যান্ডস জিতেছে। এই বাছাইয়ে তাদের হারানো আমাদের জন্য গুরুত্বপূর্ণ।” রাশিয়ার আসরে খেলার টার্গেট পূরণের পরিকল্পনা জানিয়েছেন রোনালদো, “আমাদের আর আটটি খেলা বাকি। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে এর প্রত্যেকটাই জিততে চাই আমরা।”
৩১ বছরের রোনালদো গত জুলাইয়ে ফ্রান্সে ইউরোর ফাইনালে নিলেন দলকে। কিন্তু স্বাগতিকদের বিপক্ষে শিরোপা লড়াইয়ের ম্যাচে ইনজুরির কারণে আধ ঘণ্টাও খেলতে পারেননি। হাঁটুর সমস্যায় মাঠ ছেড়েছিলেন। কিন্তু অতিরিক্ত সময়ের গোলে প্রথমবারের মতো ইউরো জেতে পর্তুগাল। এরপর আবার জাতীয় দলে ফিরে খেলার ৭৩ সেকেন্ডেই নিজের প্রথম গোল করেন রোনালদো। এরপর চলতে থাকে তার উৎসব।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল