৩১০ রানের টার্গেটে টাইগারদের চমৎকার শুরু
৩১০ রানের টার্গেটে টাইগারদের চমৎকার শুরু

৩১০ রানের টার্গেটে টাইগারদের চমৎকার শুরু

বিডি নিউজ ৬৪: ইনিংসের তৃতীয় বল। ক্রিস ওকস অফ স্টাম্পের বাইরে একটু জায়গা দিতেই সেটিকে টেনে এনে ছক্কা হাঁকিয়ে দিলেন ইমরুল কায়েস। দর্শক পেরিয়ে বিজ্ঞাপন বোর্ডে লেগে কিছুক্ষণের জন্য বল নিরুদ্দেশ। ইমরুল ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৯১ বলে ১২১ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন। ইংল্যান্ডের বোলিংয়ের বিপক্ষে এদিন শুরুতেই চালিয়ে দিয়ে সতীর্থদের যেন নির্ভার করতে চাইলেন। বলতে চাইলেন এই দলের বিপক্ষেই আমরা প্রস্তুতি ম্যাচ ৩০৯ রান করেছিলাম। তাহলে আজ ৩১০ করা খুব কি কঠিন!

তামিম ইকবাল একটু সতর্ক। তবে ইমরুল ও তামিমের জুটি টিকে গেলে বড় কিছুই হয়। শুরুর হিসেবে একেবারে খারাপও হয়নি। এই রিপোর্ট লেখার সময় ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান বাংলাদেশের। মাত্রই ডেভিড উইলিকে ইনিংসে দ্বিতীয় ছক্কাটি মেরেছেন ইমরুল। তিনি ব্যাট করছেন ২২ রানে। তামিম ১৬ রানে। দুই বাঁ হাতির লড়াই চলছে। এর আগে টসে জিতে ব্যাট করে মিরপুরে ৮ উইকেটে ৩০৯ রান করে গেছে ইংল্যান্ড। ১০১ রান বেন স্টোকসের। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা করতে পারতেন না বাংলাদেশের ফিল্ডাররা তাকে দুবার জীবন না দিলে। ফিল্ডিংয়ে অন্তত তিনটি নিশ্চিত ক্যাচ ফেলেছে স্বাগতিকরা। আরো গোটা দুয়েক হাফ চান্স তো ছিলই।

এদিন ৬৩ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। জেমস ভিন্স (১৬), জ্যাসন রয় (৪১) ও জনি বেয়ারস্টো (০) ফিরেছেন। শফিউল, সাকিব ও সাব্বিরের দারুণ থ্রোর ফল। এরপর ২৬.৩ ওভারে ১৫৩ রানের জুটি গড়েন স্টোকস ও অভিষিক্ত ২১ বছরের বেন ডাকেট। কিন্তু তাসকিনের বলে ৬৯ রানের সময় মাহমুদ উল্লাহ ক্যাচ ছাড়লে বেঁচে যান স্টোকস। পরের ওভারে ব্যক্তিগত ৭১ রানে স্টোকস আরেকটি জীবন পান অধিনায়ক মাশরাফির বলে মোশাররফ ক্যাচ ছাড়লে। শেষ পর্যন্ত ১০১ রান করে মাশরাফির শিকার হন স্টোকস।

বেন ডাকেট তার আগে ৬০ রান করে ফিরেছেন। তবে অধিনায়ক জস বাটলার তাণ্ডব চালালেন। ৩৮ বলে করেছেন ৬৩। যদিও ৩৯ রানে জীবন পেয়েছেন। ক্রিস ওকসের সাথে ওভার প্রতি ১১’র বেশি গড়ে ৬৩ রানের জুটি গড়ে গেছেন বাটলার। স্পিনারদের এমন চমৎকার খেলেছেন ইংলিশ বোলাররা যে মোশাররফ ও মাহমুদ উল্লাহ ৩ ওভারের বেশি বল করতে পারেননি। মাশরাফি, সাকিব ও শফিউল দুটি করে উইকেট নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *