বিডি নিউজ ৬৪: আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের আসন্ন সম্মেলনে ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির সমন্বয় করা হবে। এছাড়া যে কোনো বিষয়ে নেত্রীর সিদ্ধান্তই চুড়ান্ত। তাই দলের সম্মেলনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে কেউ কাউকে প্রতিদ্বন্দ্বী না ভাবারও আহ্বান জানান তিনি। এক্ষেত্রে নেতাকর্মীদের অতি উৎসাহী হয়ে সীমা লঙ্ঘন না করার পরামর্শ দিয়েছেন দলের প্রভাবশালী এই নেতা।
আজ শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দফতর উপ-কমিটির বরিশাল বিভাগের এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে কেন্দ্রীয় কার্যালয়ে কাউকে বিরক্ত করা যাবে না। প্রত্যেকটি স্থানে শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ক্ষেত্রেই অতি বাড়াবাড়ি ভালো না। তা দল ও ব্যক্তিগত জীবনেও কল্যাণ বয়ে আনবে না।
তিনি বলেন, ‘আমাদের সবারই নেত্রীর ওপর শতভাগ আস্থা আছে। যা করার উনিই করবেন। ২০২১ সালের টার্গেট নিয়েছিলাম, তবে এর আগেই আমরা এগিয়ে গিয়েছি। শেখ হাসিনার নেতৃত্বে সম্মেলনের মাধ্যমে এবারও সামনের দিকেই এগিয়ে যেতে হবে।’
বরিশাল বিভাগের দফতর উপ-কমিটির সভায় সভাপতিত্ব করেন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল