গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

বিডি নিউজ ৬৪: ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালের গৌরনদী উপজেলার কসবা মদিনা মসজিদ ও মাহিলাড়া বাসস্ট্যান্ড এলাকায় আজ বৃহস্পতিবার পৃথক দুই সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে। অহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন জানান, পটুয়াখালী জেলা সদরের মো. খলিলুর রহমান মাদারীপুর থেকে বাসা বদল করে মালামাল নিয়ে নছিমনযোগে নিজ বাড়ি নিয়ে যাচ্ছিলেন। পথে আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা—বরিশাল মহাসড়কে  গৌরনদী উপজেলার কসবা মদিনা মসজিদ এলাকায় একটি যাত্রীবাহী বাস নছিমনটিকে ধাক্কা দেয়। এতে নছিমনটি উল্টে মালামালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই খলিলুর রহমান মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল মর্গে পাঠিয়েছে।

গৌরনদী ফায়ার সাভির্সের ইনচার্জ অধীর কুমার হালদার জানান, একই দিন ঢাকা—বরিশাল মহাসড়কের মাহিলাড়া বাসস্ট্যান্ড এলাকায় সকাল পৌনে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী বেপারী পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব- ১৪-৮৪৩১) সঙ্গে বরিশাল থেকে ছেড়ে আসা পয়সারহাটগামী স্বর্ণা পরিবহনের একটি বাসের  (বরিশাল-ব-১১-০০৩১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচালকসহ ২০ যাত্রী আহত হন। গুরুতর অবস্থায় আব্দুল লতিফ (৪৮), আবু বকর (৬০), মঞ্জুর পাইক (৪৫), শহিদুল হাওলাদার (৩২), শোভন (২৮), মো. মিরাজসহ ২০ জনকে গৌরনদী উপজেলা ও বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *