বাড়ি থেকে কাজ : ৩টি বিষয় আপনাকে কেউ জানাবে না
বাড়ি থেকে কাজ : ৩টি বিষয় আপনাকে কেউ জানাবে না

বাড়ি থেকে কাজ : ৩টি বিষয় আপনাকে কেউ জানাবে না

বিডি নিউজ ৬৪: বাড়ি থেকে কাজ করার ক্ষেত্র এখন আগের তুলনায় অনেক বেড়েছে। আর এ কারণে বহু মানুষই বাড়িতে বসে বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দিচ্ছেন। আর এতে বৈদেশিক মুদ্রাও উপার্জিত হচ্ছে। কিন্তু কয়েকটি নিয়ম জেনে না রাখলে বাড়ি থেকে কাজ করা কঠিন হয়ে পড়ে। এ লেখায় তুলে ধরা হলো তেমন তিনটি তথ্য। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফোর্বস।
১. অতিরিক্ত কাজ
অনেকেই বাড়ি থেকে কাজ করতে গিয়ে অতিরিক্ত সময় কাজ করেন। এতে ব্যক্তিগত সময় বলে আর কোনো সময় থাকে না। খাওয়া, নাওয়া, ঘুম কিংবা পরিবারের সদস্যদের সময় দেওয়া সবকিছুই এ সময়টি কেড়ে নেয়। আর এতে অনেক ফ্রিল্যান্সারের জীবনেই বিপর্যয় নেমে আসে। এছাড়া রয়েছে একসঙ্গে একাধিক কাজ নেওয়ার প্রবণতা। এ কারণে বাড়তি চাপ পড়ে। ফলে কোনো কাজেই যথাযথ মনোযোগ দেওয়া সম্ভব হয় না। ফলে কাজের মানও রক্ষা করা সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে একসঙ্গে বেশি কাজ নেওয়া উচিত নয়। এক্ষেত্রে বাড়িতে বসে কাজ করলেও নিজের খাওয়া, ঘুম ও ব্যক্তিগত অন্যান্য সময়ের বিষয়টি মেনে চলা উচিত। কারণ এ কাজটি করতে না পারলে ব্যক্তিগত জীবন দুর্বিষহ হয়ে উঠবে এবং এক পর্যায়ে সুস্থ থাকাও কঠিন হয়ে উঠতে পারে।
২. অন্তরালে থাকা
আপনি যদি কোনো অফিসে যুক্ত থাকেন এবং সর্বদা অনলাইনে কিংবা ফোনে বাসা থেকে কাজ করেন তাহলে এ বিষয়টি হতে পারে। ক্রমাগত অন্তরালে থেকে কাজ করার ক্ষেত্রে অনেকেই কর্মক্ষেত্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। আর এতে কর্মক্ষেত্রে নানা ধরনের সমস্যা হতে পারে। একে অনেকেই ‘চোখের আড়াল মনের আড়াল’ হিসেবে অভিহিত করেন। আর এ সমস্যার কারণে একঘরে হয়ে পড়তে পারেন আপনি। এ সমস্যা কাটানোর জন্য সর্বদা নিজের উপস্থিতি জানান দিতে হবে। প্রয়োজনীয় মিটিংয়ে উপস্থিত হতে হবে। এছাড়া শুধু অন্তরালে থেকে কাজ নয় বরং যোগাযোগেও দক্ষতা অর্জন করতে হবে।
৩. অপর্যাপ্ত টুল
বাড়িতে বসে কাজ করার ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা তৈরি হয় যন্ত্রপাতির ক্ষেত্রে। বাড়িতে প্রায়ই পর্যাপ্ত মূল্যবান যন্ত্রপাতি থাকে না। আর এ কারণে কাজের মান খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এছাড়া প্রতিষ্ঠানের অফিসে বসে কোনো কাজ করার ক্ষেত্রে সর্বদা একটি টিমওয়ার্কের ব্যবস্থা থাকে। আর কোনো টেকনিক্যাল সমস্যাতেও সহজে সমাধান পাওয়া যায়। কিন্তু বাড়িতে বসে কাজ করার ক্ষেত্রে টেকনিক্যাল সমস্যার সমাধান সহজে পাওয়া যায় না। অনেকেই নিজে নিজে এসব সমস্যা সমাধান করতে পারেন। কিন্তু এতে কাজের মূল্যবান সময় নষ্ট হয়। এ সমস্যাগুলো দূর করার জন্য বাড়িতে বসে কাজ করার ক্ষেত্রে পর্যাপ্ত যন্ত্রপাতির ব্যবস্থা রাখতে হবে। এছাড়া কোনো সমস্যা হলে তা কিভাবে সমাধান করা হবে তার একটি পরিকল্পনাও রাখা চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *