বিডি নিউজ ৬৪: ১ অক্টোবর সন্ধ্যায় হঠাৎ থমকে গিয়েছিল বাংলাদেশ। স্তব্ধ হয়ে গিয়েছিল মিরপুর শের ই বাংলা স্টেডিয়াম। টিভির সামনে বসে হয়ত মাথায় হাত দিয়েছিলেন কোটি ক্রিকেটপ্রেমী। কারণ একটাই-সকলের প্রিয় মানুষ দলনেতা মাশরাফি বিন মুর্তজার ওভাবে পড়ে যাওয়া। সবার মনে একই চিন্তা-সাতবার অপারেশন করা পা নিয়ে আবারও কি উঠে দাঁড়াবেন সবার প্রিয় ম্যাশ? নাকি আবারও……!
শেষ পর্যন্ত অবশ্য মাঠেই চিকিৎসা নেয়ার পর আবারও উঠে দাঁড়ান অসম্ভব সাহসী এবং হার না মানা স্বভাবের এই মানুষটি। যিনি শুধু একজন ক্রিকেটার নন; তার চেয়েও বড় কিছু। বাংলাদেশের মানুষের মনে মাশরাফির স্থান অন্যরকম-শ্রদ্ধা, ভালবাসা আর অনুপ্রেরণার। শেষ পর্যন্ত ওভার শেষ করে মাঠ ছাড়েন মাশরাফি। কিন্তু আবারও ফিরে আসেন কিছুক্ষণ পর। বলও করেন ছোট রানআপে। উইকেট আর না পেলেও কিপটে বোলিং করে চেপে ধরেন আফগানদের।
এখন পুরোপুরি সুস্থ হয়ে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ওয়ানডে সিরিজেই মাঠে নামার আশা করছেন মাশরাফি বিন মর্তুজা। সর্বশেষ তিনি সংবাদমাধ্যমের কাছে আশা প্রকাশ করেছেন চোট ঠিক হয়ে যাওয়ার ব্যপারে। তবে কিছুটা শংকাও আছে বিশেষ করে ইংল্যান্ড সিরিজের আগে সময়টা খুবই কম বলে।
তিনি বলেন, “এই গোঁড়ালিতে আগেও ব্যথা পেয়েছি। সেজন্যই একটু অস্বস্তি আছে। এমনিতে ১০ দিন সময় পেলে ঠিক হয়ে যেতো। কিন্তু ইংল্যান্ড সিরিজের আগে অতটা সময় নেই। এজন্যই একটু ভাবনা আছে। দেখা যাক, আশা করি সমস্যা হবে না।”
গোটা দেশবাসীর এখন একটাই প্রার্থনা, ইংল্যান্ড সিরিজেই মাঠে ফিরবেন মাশরাফি। বাঘের গর্জনে কেঁপে উঠুক ২২ গজ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল