নতুন ৬১ বর্ডার হাট চালুতে ভারতের সায়
নতুন ৬১ বর্ডার হাট চালুতে ভারতের সায়

নতুন ৬১ বর্ডার হাট চালুতে ভারতের সায়

বিডি নিউজ ৬৪: বাংলাদেশের সঙ্গে সীমান্তজুড়ে নতুন করে ৬১টি বর্ডার হাট চালুর সিদ্ধান্তে ভারত অনুমোদন দিয়েছে বলে খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। তবে কোথায় কোথায় এই বর্ডার হাটগুলো বসবে তা ভারতীয় গণমাধ্যমটির প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। এতে বলা হয়, ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় আলোচনা পর বর্ডার হাটগুলোর জন্য চূড়ান্ত অনুমোদন আসে।

বিএসএসফ আরও বর্ডার হাট বসানো ও বৈধ বাণিজ্যে আগ্রহী। কারণ এর ফলে সীমান্ত দিয়ে গুরুতর পাচারের ঠেকাতে নজরদারির কাজ সহজ হবে। বর্তমানে ভারত-বাংলাদেশের চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্তজুড়ে মাত্র পাঁচটি বর্ডার হাট রয়েছে। দূরবর্তী সীমান্ত চৌকিগুলোর মধ্যে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যদের সড়ক পথে চলাচলের সুযোগ দিতে ভারতের প্রতিশ্রুতির বিষয়টিও বিএসএফ চূড়ান্ত করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সীমান্তের বহু জায়গায় ভারতীয় সড়কের অবস্থা তুলনামূলক ভালো। ওই সব পথ দিয়ে বাংলাদেশের সীমান্ত চৌকিগুলোতে সংযোগ সহজতর। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দিল্লি সফরকালে বিজিবিকে ভারতীয় সড়ক ব্যবহারে সম্মতির কথা জানায় ভারত। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, এই অঞ্চলে কোনো দেশের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ এই প্রথম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *