হাস্যকর শট খেলে সৌম্য আউট
হাস্যকর শট খেলে সৌম্য আউট

হাস্যকর শট খেলে সৌম্য আউট

বিডি নিউজ ৬৪: আফগান অধিনায়ক আসগর স্তানিকজাইকে নিশ্চয়ই মনে মনে অনেক ধন্যবাদ দিয়েছেন তামিম ইকবাল! তৃতীয় ওভারে মোহাম্মদ নবির বলে সহজ ক্যাচটা আসগর না ছাড়লে যে মাত্র ১ রান করেই বিদায় নিতে হতো তামিমকে!

বাংলাদেশের এই ড্যাশিং বাঁ হাতি ওপেনার ক্রিজে আছেন। কিন্তু মাত্রই হাস্যকর এক শট খেলে আউট হয়ে গেলেন সৌম্য সরকার (১১)। মিরপুরে টস জিতে টানা তৃতীয় ম্যাচে আগে ব্যাট করছে বাংলাদেশ। ৭ ওভার শেষে ১ উইকেটে ২৪ রান টাইগারদের। তামিম (১২) ও সাব্বির রহমান (০) ব্যাট করছেন।

সৌম্য প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। পরের ম্যাচ করেছিলেন ২০। এই ম্যাচে শুরুটা নেহাত খারাপ হয়নি। কিন্তু তিনি যে আসলে টাচ হারিয়েছেন বোঝা যাচ্ছে খুব। পেসার মিরওয়াইস আশরাফের অফ স্টাম্পের বাইরের শর্ট বলটায় অযথা ব্যাট না চালালে কোনো ক্ষতি হতো না। কিন্তু ওটা করে উইকেটের পেছনে মোহাম্মদ শাহজাদকে ক্যাচ দিয়ে ক্ষতিটা করে গেছেন ২৩ বছরের সৌম্য। দলের রান তখন ২৩।

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ এই ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গা নিয়েছেন আরেক বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন। ২০০৮ সালের পর আবার ওয়ানডে খেলার সুযোগ পেলেন তিনি। রুবেল হোসেনের জায়গা নিয়েছেন অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম। দুই বছর পর ফিরেছেন তিনি।

এই ম্যাচ বাংলাদেশকে জিততেই হবে। হারলে আইসিসির সহযোগী সদস্য দেশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম সিরিজটাই ২-১ এ হারের লজ্জায় ডুবতে হবে। সেই সাথে রেটিং পয়েন্ট কমবে। তাতে আইসিসির ওয়ানডে বিশ্ব র‌্যাংকিংয়ে পতন হবে। ৭ থেকে ৮ এ চলে যাবে বাংলাদেশ। জিতলে জায়গাটা ধরে রাখবে। সেই সাথে ওয়ানডেতে নিজেদের ইতিহাসের শততম জয় হবে এটি। টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ডও হবে।

এই সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল। তবে বড় কষ্টে। সেটি ছিল ৭ রানের জয়। পরের ম্যাচটিও খুব ক্লোজ ছিল। সেটি ২ উইকেটে জিতে সিরিজে ১-১ এ সমতা আনে আফগানিস্তান। এখন পর্যন্ত এই দুই দল মোট চারবার মুখোমুখি হয়েছে। সেখানেও ২-২ সমতা। আজ যে দল জিতবে তারা যাবে এগিয়ে।

বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদ উল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোশাররফ হোসেন, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *