বিডি নিউজ ৬৪: পাকিস্তানি শিল্পীদের পাশে দাঁড়ালেন এবার সালমান খান। তিনি বললেন, ‘উরিতে যারা হামলা চালিয়েছিল, তারা সন্ত্রাসবাদী। কিন্তু পাকিস্তানের শিল্পীরা সন্ত্রাসবাদী নন। ভারত সরকারের দেওয়া ভিসা নিয়ে তাঁরা এদেশে আসেন।’
এদিকে শিবসেনার কটাক্ষ, এসব কথা বলার আগে বাবা সেলিম খানের সঙ্গে পরামর্শ করা উচিত সালমানের।
গত বুধবার রাতে ভারতীয় সেনা ‘সার্জিকাল’ হানা চালায়। এ ঘটনার পরদিন বৃহস্পতিবার ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন জানায়, দুই দেশের সম্পর্ক ঠিক না হওয়া পর্যন্ত এদেশে পাক অভিনেতারা কাজ করতে পারবেন না। তার পরেই পাকিস্তানি শিল্পীদের সমর্থনে এগিয়ে আসেন সালমান।
সালমান খান বললেন, ভারতীয় সেনা ‘সার্জিকাল’ হানা চালিয়ে সঠিক পদক্ষেপই নিয়েছে। তবে সন্ত্রাসবাদীর সঙ্গে শিল্পীদের গুলিয়ে ফেলা ঠিক নয়।
এর আগে পাক শিল্পীদের পাশে দাঁড়িয়েছিলেন পরিচালক করন জোহর। তিনি বলেছিলেন, ‘আমরা সৃজনশীল কাজ করি। তাই আমাদের একটু একা ছাড়ুন। আমরা ছবির মাধ্যমে সম্প্রীতি, ভালবাসার প্রচার করি।’ উল্লেখ, তাঁর পরিচালিত ‘এ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করেছেন পাকিস্তানের ফাওয়াদ খান। শাহরুখের বিপরীতে রইস ছবিতে অভিনয় করছেন পাক অভিনেতা মাহিরা খান। এই দুটি ছবিই এম এন এস–এর রোষে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল