আফগানিস্তানের সাফল্যের নেপথ্যে ইনজামাম, রাজপুত
আফগানিস্তানের সাফল্যের নেপথ্যে ইনজামাম, রাজপুত

আফগানিস্তানের সাফল্যের নেপথ্যে ইনজামাম, রাজপুত

বিডি নিউজ ৬৪: সীমিত ওভারের ক্রিকেটে একের পর এক চমক দেখিয়ে বিশ্বকে অবাক করে দিচ্ছেন যুদ্ধ-বিধ্বস্ত আফগানরা। এক সময় সমগ্র বিশ্ব দেশটিকে কিছুটা ভিন্ন চোখে দেখত। কিন্তু ক্রিকেট দিয়ে নিজেদের পরিচয় বদলে ফেলেছেন আফগানরা। দেশটি এশিয়া কাপ থেকে বিশ্বকাপ পর্যন্ত খেলছে এবং নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছে। বলা বাহুল্য যে, বিশ্বের অন্যতম উদীয়মান শক্তি এখন আফগানিস্তান।

তবে এই সাফল্যের পিছনেও নিশ্চয়ই কারো না কারো অবদান আছে। পাহাড় পর্বতে ঘেরা দেশটির ক্রিকেটাররা নিশ্চয়ই প্রাকৃতিকভাবে ক্রিকেটার হয়ে জন্মায়নি।

আফগান দলের তারকা ব্যাটসম্যান হাশমতউল্লাহ শহিদির মতে, সাফল্যের শুরু সাবেক পাক গ্রেট ইনজামাম-উল-হকের হাত ধরে। বর্তমানে সেটি এগিয়ে নিচ্ছেন লালচাঁদ রাজপুত।

তার মতে, সাবেক ও বর্তমান কোচের ছোঁয়ায় বদলে গেছে আফগানি ক্রিকেট।

আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকেই নিজেদের লড়াকু চরিত্র দিয়ে নজর কেড়েছে আফগানরা। তবে গত এক বছরে তাদের পরিবর্তনটা চোখে পড়ার মত। একটা পরিণত ক্রিকেট দলে পরিণত হয়েছে তারা।

দল হিসেবে পরের ধাপে ওঠার ইঙ্গিত নিয়মিত দেখা যাচ্ছে পারফরম্যান্সে। সেটির প্রতিফলন বাংলাদেশের বিপক্ষে চলতি সিরিজেও। দেশের মাটিতে দারুণ ওয়ানডে দল হয়ে ওঠা বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে সমতা রেখে তৃতীয় ও শেষ ওয়ানডেতে কাল মাঠে নামবে আফগানরা। সেই ম্যাচের আগের দিন দলের বাঁহাতি ব্যাটসম্যান হাশমতউল্লাহ শোনালেন দলের এগিয়ে যাওয়ার নেপথ্য নায়কদের গল্প।

তিনি বলেন, “গত এক বছর ধরেই আফগানিস্তানের ক্রিকেট আগের চেয়ে আরও এগিয়ে যাচ্ছে। ইনজামাম-উল-হক আমাদের কোচ হিসেবে দারুণ কাজ করেছেন। এখন রাজপুত স্যারও খুব ভালো করছেন। আমাদের নিয়ে অনেক পরিশ্রম করছেন। তিনি আমাদের সব সময় এই আত্মবিশ্বাস যোগাচ্ছেন যে, যে আমরা বিশ্বের সেরা দলগুলোর একটি।”

আশির দশকে অনেক সম্ভাবনা নিয়ে ভারতীয় ক্রিকেটে এসেছিলেন রাজপুত। শেষ পর্যন্ত ২টি টেস্ট ও ৪টি ওয়ানডের বেশি খেলতে পারেননি। তবে ভারতের ঘরোয়া ক্রিকেটে ছিলেন দারুণ সফল একজন ব্যাটসম্যান।

হাশমতউল্লাহ জানালেন, রাজপুতের কোচিংয়ের ইতিবাচক প্রভাব আফগানদের ব্যাটিংয়েই পড়ছে বেশি।

আফগান দলের এ তারকা ব্যাটসম্যানের মতে, “প্রতিপক্ষ যেই হোক, রাজপুত স্যার সবসময় ইতিবাচক ক্রিকেট খেলতে বলেন আমাদের। আমাদের ব্যাটিং নিয়ে অনেক কাজ করছেন। ৫০ ওভারের ক্রিকেট খেলার টেকনিক ও মানসিকতা গড়ে তোলায় ভূমিকা রাখছেন। সিঙ্গেল নিয়ে শেষ পর্যন্ত খেলা টেনে নেয়ার শিক্ষা দিচ্ছেন।”

গত বছরের অক্টোবরে স্বল্প সময় আফগানিস্তানের কোচের দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের ইনজামাম-উল হক। সাবেক পাকিস্তানি অধিনায়কের কোচিংয়ে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের স্বাদ পায় আফগানরা। ওয়ানডে সিরিজ জিতে আসে জিম্বাবুয়ের মাটিতে। জিতেছে তখন টি-টোয়েন্টি সিরিজও।

সেই সাফল্য যে হুট করেই পাওয়া নয়, সেটির প্রমাণ দিয়ে পরের সিরিজে সংযুক্ত আরব আমিরাতে আফগানরা হারিয়ে দেয় টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়েকে। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক পর্ব উতরে জায়গা করে নেয় তারা মূল পর্বে। সেখানে তারা হারিয়ে দেয় ক্রিকেটের অন্যতম শক্তি ওয়েস্ট ইন্ডিজকে।

পাকিস্তানের প্রধান নির্বাচকের পদ নিয়ে পরে আফগানদের দায়িত্ব ছাড়েন ইনজামাম। গত জুনে দায়িত্ব নেন রাজপুত। তার কোচিংয়ে ইতোমধ্যেই স্কটল্যান্ডের মাটিতে সিরিজ জিতেছে আফগানরা। আয়ারল্যান্ডের প্রতিকূল কন্ডিশনে ড্র করেছে সিরিজ। এরপর বাংলাদেশে এসে দেখিয়ে চলছে পারফরম্যান্সের ভেলকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *