ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন ট্রাক-লরি চলাচল বন্ধ

বিডি নিউজ ৬৪: সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে কোরবানির ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ রাখা হবে।
আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানায় মন্ত্রণালয়।
বৈঠক শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক বলেন, আমাদের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তগুলো কমিটিকে জানানো হয়েছে। গত রোজার ঈদের যেসব সিদ্ধান্ত ছিল, এবারও তাই। ঈদের আগে তিন দিন এবং পরে তিন দিন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ট্রাক-লরি বন্ধ থাকবে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থ বিবেচনায় যানজট নিরাসনে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও লরি চলাচল বন্ধ রাখা হবে। খাদ্য ও পচনশীল দ্রব্য, ওষুধ, জ্বলানি বহনকারী যানবাহন, কাঁচা চামড়া এর আওতামুক্ত থাকবে।
এছাড়া মহাসড়কের পাশে যাতে কোনোভাবেই পশুর হাট বসতে না পারে, সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, নাজমুল হক প্রধান, লুৎফুন নেছা ‍ও নাজিম উদ্দিন আহমেদ অংশ নেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *