সন্তানদের সঙ্গে সংযোগ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

বিডি নিউজ ৬৪: সন্তানদের সঙ্গে অভিভাকদের সংযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোনো শিক্ষার্থী দীর্ঘদিন ক্লাসে অনুপস্থিত আছে কিনা? থাকলে কেন, সে ব্যাপারে খোঁজ নিতে হবে। সন্তানরা কোথায় যায়, কি করে, কার সঙ্গে মেলামেশা করে সেদিকে বাবা-মা, স্কুল-কলেজের শিক্ষকসহ সবাইকে খোঁজ খবর রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আপনারা দেখেছেন, আগে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ভয়াবহ রূপ ধারণ করেছিল। বিএনপি-জামায়াতের সরকার মাদক, সন্ত্রাস ও  জঙ্গিবাদ সৃষ্টি করছিল। আমরা সরকার গঠন করে সন্ত্রাস ও জঙ্গিবাদ কঠোর হাতে দমন করি। কিন্তু কয়েকটি ঘটনা পর পর ঘটে যায়, যা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নেই। বাংলাদেশ বিশ্বের একমাত্র দেশ যেখানে মাত্র ১০ ঘণ্টার মধ্যে আমরা জঙ্গি দমন করে জিম্মিদের উদ্ধার করেছি।

আমাদের ছেলে-মেয়েরা কম্পিউটার শিখবে। সবাইকে ভালোভাবে পড়াশুনা করে মানুষের মতো মানুষ হতে হবে, যোগ করেন প্রধানমন্ত্রী। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে সকাল পৌনে ১১টায় তাকে বহনকারী হেলিকপ্টার চিলমারীতে পৌঁছায়। চিলমারীর থানাহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ- এ স্লোগান নিয়ে হতদরিদ্র মানুষের জন্য বুধবার চিলমারীর থানাহাট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হচ্ছে পল্লী রেশনিং কার্যক্রম। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশের ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। পল্লী রেশনিং কার্ডধারীদের বছরে ৫ মাস দেওয়া হবে এ খাদ্য সহায়তা। কুড়িগ্রাম জেলার নয় উপজেলার এক লাখ ২৫ হাজার ২৭৯ পরিবার এ সুবিধার আওতায় আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *