ক্লার্কের আমন্ত্রণে সিডনি যাচ্ছেন নেপালি লেগ-স্পিনার লামিচান

বিডি নিউজ ৬৪: সন্দিপ লামিচানের কথা মনে আছে? ১৬ বছর বয়সী নেপালি লেগ-স্পিনার। এই বছরের গোড়ায় বাংলাদেশে খেলে গেলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল হিসেবে ভালোই নাম পেয়েছিলেন। সেই লামিচান এই গ্রীষ্মটা কাটাবেন সিডনিতে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কের মেহমান হয়ে। তার সাথেই পশ্চিম শহরতলীর হয়ে খেলবেন। ট্রেনিং নেবেন ক্লার্কের ক্রিকেট একাডেমিতে। একটি ঘড়ি কোম্পানির সাথে লামিচানকে স্পন্সর করছেন ক্লার্ক।

গত মে মাসের কথা। আগের বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্লার্ক হংকং গেলেন। সেখানে কাউলুন ক্যান্টন্সের হয়ে হংকং টুয়েন্টি টুয়েন্টি ব্লিটজে খেলে ক্রিকেটে ফিরেছেন। ওই দলেই ক্লার্কের সতীর্থ ছিলেন টিনএজার লামিচান। তখনই তার প্রতিভায় মুগ্ধ হন ক্লার্ক।

“সন্দিপ দারুণ এক তরুণ। খেলাটা উপভোগ করে। খেলা নিয়েই মেতে থাকে। তার মতো একজন নেপালি প্রতিভা এত দূর পাড়ি দিয়ে আমার একাডেমিতে খেলার উন্নতি করবে। এটা আমার জন্যও দারুণ ব্যাপার-” সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ক্লার্ক।

স্থানীয় একটি নেপালি পরিবারের সাথে থাকবেন লামিচান। গত যুব বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী এই বোলার আসরে ১৪ উইকেট শিকার গড়েছিলেন। হ্যাটট্রিক করেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে। ২৭ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ক্লার্কের আমন্ত্রণে টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন লামিচান। ক্লার্ককে ধন্যবাদ দিয়েছেন। সেই সাথে সিডনিতে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *