দুই ম্যাচ খেলেই সেমিফাইনালে জকোভিচ!

বিডি নিউজ ৬৪: ইনজুরির সমস্যাটা পুরোপুরি সারেনি। মানে শতভাগ ফিট নন। তবু নোভাক জকোভিচকে ইউএস ওপেন শিরোপা ধরে রাখার লড়াইয়ে থাকতে হয়েছে। কিন্তু এবারের আসরে তাকে খুব বেশি খেলতেও হচ্ছে না। এই নিয়ে এবারের প্রতিযোগিতায় তৃতীয় প্রতিযোগী জকোভিচের সাথে খেলা শেষ করতে পারলেন না। বিশ্বের এক নম্বর খেলোয়াড় জকোভিচ আজ পৌঁছে গেলেন সেমিফাইনালে।

নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোতে কোয়ার্টার ফাইনালে সার্বিয়ান জকোভিচের প্রতিপক্ষ ছিলেন ফ্রেঞ্চ জো উইলফ্রেড সঙ্গা। কিন্তু হাঁটুর ইনজুরিতে পড়ায় খেলা শেষ করতে পারেননি। আর্থার অ্যাশ স্টেডিয়ামে জকোভিচ যখন ৬-৩, ৬-২ এর লিডে তখন রিটায়ার করেন সঙ্গা। ২৯ বছরের জকোভিচ শেষ চারে। দ্বিতীয় রাউন্ডে জকোভিচ ওয়াকওভার পেয়েছিলেন। তৃতীয় রাউন্ডে তার প্রতিদ্বন্দ্বী ইনজুরির কারণে প্রথম সেটটাই শেষ করতে পারেননি। তার মানে এবারের ইউএস ওপেনের ৫ ম্যাচে মাত্র দুটি পুরো খেলেছেন ২ বারের চ্যাম্পিয়ন। ১২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচ সেমিতে খেলবেন আরেক ফ্রেঞ্চম্যান গেল মনফিলসের সাথে।

মেয়েদের একক থেকে এদিন সেমিফাইনালে উঠে গেছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। লাটভিয়ান আনাস্তাসিয়া সেভাস্তোভাকে ৬-০, ৬-২ এ হারিয়েছেন তিনি। আনাস্তাসিয়া এই ম্যাচ খেলার সময় ইনজুরিতে ভুগেছেন। সেমিফাইনালে ওজনিয়াকি খেলবেন জার্মানির অ্যাঞ্জেলিক কারবারের সাথে। কারবার কোয়ার্টার ফাইনালে ৭-৫, ৬-০ তে হারিয়েছেন ইতালির রবার্তা ভিঞ্চিকে। ভিঞ্চি গতবারের আলোচিত খেলোয়াড়। ২০১৫ ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারানোর পর ফাইনালেও খেলেছিলেন। যদিও শিরোপা জিততে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *