রাজধানীতে বাসের ধাক্কায় রিকশাযাত্রী নিহত

বিডি নিউজ ৬৪: রাজধানীর মতিঝিলে যাত্রীবাহী বাসের ধাক্কায় নুর জাহান বেগম (৪৫) নামে এক রিকশাযাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় ফাতেমা বেগম (৫০) নামে অপর এক যাত্রী ও রিকশাচালক খোকন (৫০) আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে মতিঝিল রাজউক ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ফাতেমা বেগম জানান, নিহত নুর জাহান বেগম সম্পর্কে তাঁর ননদ। তাঁরা দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জে থাকেন। তাঁরা দুইজনই মতিঝিলের সিটি সেন্টার ভবনে ঝাড়ুদারের কাজ করতেন। সদরঘাট থেকে রিকশায় করে সিটি সেন্টারে আসার সময় সকাল ৮টার দিকে দু্র্ঘটনার কবলে পড়েন তাঁরা। দুর্ঘটনাস্থলের দায়িত্বরত ট্রাফিক পুলিশ মজিবর রহমান জানান, ঘাতক বাসটির চালককে আটক করা হয়েছে। এ ছাড়া জব্দ করা হয়েছে বাসটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *