বিডি নিউজ ৬৪: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আফজাল হোসেন (৩০) ও ধরণী কান্ত রায় (২২) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। তারা দুজনই উত্তরা ইপিজেডে কর্মরত ছিলেন। এতে শ্রমিক বিশ্বনাথ রায় (৩০) নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কে জেলা সদরের দাড়োয়ানি টেক্সটাইল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত আফজাল হোসেন জেলা শহরের কলোনি পুরাতন বাসস্ট্যান্ড এলাকার কামাল আনসারীর ছেলে এবং উত্তরা ইপিজেডের সেভেন স্টার কম্পানির সহকারী ইলেকট্রিশিয়ান। ধরণীকান্ত রায় দিনাজপুরের খানসামা উপজেলার ভেরভেরী গোয়ালাপাড়া গ্রামের জয়হরি রায়ের ছেলে। তিনি ওই ইপিজেডের মাজেন বিডি লিমিটেডের একজন শ্রমিক। আহত বিশ্বনাথ রায় জেলা সদরের শালমারা গ্রামের বাহাদুর রায়ের ছেলে। তিনি কোন কারখানায় কর্মরত ছিলেন তা জানা যায়নি।
এলাকাবাসী জানায়, সকালে তিন শ্রমিক কাজে যোগদানের জন্য ওই সড়কে সাইকেলযোগে ইপিজেডের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী পঞ্চগড়ের দেবীগঞ্জ গামী শাকিল-দ্রুতি পরিবহনের একটি নৈশকোচ (ঢাকা মেট্রো-ব-১১-১০৯৩) ধাক্কা দিলে গুরুতর আহত হন তারা। তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ সহাসপাতালে নেওয়ার পথে আফজাল হোসেন ও সেখানে চিকিৎসাধীন অবস্থায় ধরণী কান্ত রায় মারা যান। বিশ্বনাথ রায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
নীলফামারী সদর থানার ওসি মশিউর রহমান বলেন, “ঘাতক বাসটি আটক করা হয়েছে। এর চালক, হেলপার ও সুপাভাইজার পালিয়ে গেছে। এ ঘটনায় নিহত আফজাল হোসেনের বড় ভাই তোফায়েল আহমেদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল