বিডি নিউজ ৬৪: ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কানাইরগট্টি গ্রামের একটি ধানক্ষেত থেকে রেশমা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রেশমা ওই গ্রামের জালাল শেখের স্ত্রী। জালাল রাজধানী ঢাকার একটি মসজিদের ইমাম বলে স্থানীয়রা জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ বসতবাড়ি থেকে এক কিলোমিটার দূরের একটি ধানক্ষেত থেকে রেশমার গলাকাটা লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি আরো জানান, নিহতের হাত ও পায়ের রগও কাটা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যার পর ওই ধানক্ষেতে লাশ ফেলে গেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল