সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি

বিডি নিউজ ৬৪: রাজধানীর মিরপুর থেকে আব্দুল্লাহপুর-আশুলিয়া-বাইপাইলের কথা বলে দূরপাল্লার একটি বাসে যাত্রী উঠিয়ে যাত্রীবেশী একদল ডাকাত বাসযাত্রীদের নগদ টাকা, মোবাইল ফোনসহ সর্বস্ব লুটে নিয়েছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ও পিটুনিতে আহত হয়েছে অন্তত ১৫ যাত্রী। আজ সোমবার ভোরে রাজধানীর মিরপুর থেকে সাভার আসার পথে এ বাস ডাকাতির এ ঘটনা ঘটে। আহতরা সাভারের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ডাকাতির শিকার আহত সিরাজুল ইসলাম, খায়রুল ইসলাম, আব্দুল্লাহসহ কয়েকজন বাসযাত্রী জানান, নিজ নিজ গন্তব্যে আসার জন্য আজ সোমবার ভোরে তারা মিরপুর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে ছেড়ে আসা ঢাকা-পাবনা রুটের রাজদূত পরিবহনের একটি বাসে (পাবনা-ব ১১-০১০১) ওঠেন। বিভিন্ন স্থান থেকে ১৪-১৫ জন যাত্রী উঠানো হয় এতে। এরপর বাসটিতে আগে থেকে যাত্রীবেশে অবস্থান নেওয়া ১০-১২ জন ডাকাত আব্দুল্লাহ-বাইপাইল সড়কের তুরাগ এলাকা পার হওয়ার পর তাদের ওপর হামলা চালায়। ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের বাসের আসনের সঙ্গে হাত-পা বেঁধে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকা লুট করে। যাত্রীবাহী ওই বাসে আশুলিয়ার বাইপাইলের মাছের আড়তের উদ্দেশে আসা মাছ ব্যবসায়ী সিরাজ মিয়ার কাছ থেকে ১২ হাজার টাকা, খাইরুল ইসলামের কাছ থেকে ৩৫ হাজার টাকা, গার্মেন্টকর্মী আব্দুল্লাহর কাছ থেকে ছয় হাজার টাকা এবং অন্য যাত্রীদের কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নেয়।

আহত যাত্রীরা আরো জানান, ডাকাতির সময় কয়েকজন যাত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। বাসটি ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের উলাইল বাসস্ট্যান্ডে রেখে বাসের চালক ও হেলপারসহ ডাকাতরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই বাসের ভেতরে কয়েকজন যাত্রীর গোঙ্গানি ও চিৎকার শুনে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের হাত-পা খুলে আহত অবস্থায় উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, “এটা বাস ডাকাতির কোনো ঘটনা নয়। বাসটি কোনো এলাকা থেকে চুরি করে এসে সাভারের উলাইল এলাকায় ফেলে রেখে ডাকাতরা চলে গেছে। বাসটি পুলিশ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *