কাপ্তাই হ্রদে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি

বিডি নিউজ ৬৪: কাপ্তাই হ্রদে অব্যাহত পানি বৃদ্ধির কারণে পিডিবির বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন অনেক বেড়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী আবদুর রহমান জানান, শুকনো মৌসুমে কাপ্তাই হ্রদে পানি শুকিয়ে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ৫০ থেকে ৬০ মেগাওয়াটে নেমে এসেছিল। তবে হ্রদে পানি বৃদ্ধির কারণে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। শনিবার পর্যন্ত চারটি ইউনিটে ১৮৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানান তিনি।

আবদুর রহমান জানান, পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট সচল রয়েছে। পাঁচ নম্বর ইউনিট দীর্ঘদিন থেকে বন্ধ। সেটি চালু থাকলে আরও ৫০ মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন করা সম্ভব হতো। পাঁচ নম্বর ইউনিট চালুর বিষয়ে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। রুলকার্ভ অনুযায়ী হ্রদে পানি থাকার কথা ৯৯.৪৬ এমএসএল (মীন সী লেভেল)। কিন্তু বর্তমানে কাপ্তাই হ্রদে পানি রয়েছে ১০২.৭৬ এমএসএল। হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল জানান আবদুর রহমান। বর্ষা মৌসুমে প্রবল বর্ষন ও ভারত থেকে নেমে আসা ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে প্রতিদিনই পানি বৃদ্ধি পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *