‘কোহলির ব্যাট যেন সার্জনের ছুরি’

বিডি নিউজ ৬৪: বিরাট কোহলির ব্যাট যেন কোনো সার্জনের ছুরি! কথাটা এবি ডি ভিলিয়ার্সের। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ও বিধ্বংসী ব্যাটসম্যানের আত্মজীবনীতে এভাবেই এসেছে ভারতের টেস্ট অধিনায়ক কোহলির কথা। ‘এবি – দ্য অটোবায়োগ্রাফি’ বইতে আইপিএল নিয়ে লিখেছেন। ভারতীয় বোর্ড যখন আইপিএলের ধারণা নিয়ে এলো তখন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ধাক্কা খায়। কিন্তু ক্রিকেটের উন্নতি ও পরিবর্তনে সেই তারাই পরে আইপিএলকে কৃতিত্ব দেয়।

তার জীবন নিয়ে লেখা বইয়ে ডি ভিলিয়ার্স কোনো বোমা ফাটাননি। কিন্তু সাবলীল ভাবে বিভিন্ন দিক বর্ণনা করে গেছেন। আগামী সপ্তাহে প্রকাশিত হবে এটি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ডি ভিলিয়ার্স, কোহলি ও ক্রিস গেইল একসাথে খেলেন। তিন ব্যাটিং বিস্ময় এক দলে। এটাকে অন্যরকম পাওয়া হিসেবে বর্ণনা করে ডি ভিলিয়ার্স লিখেছেন, “বিরাটের ব্যাট যেন কোনো সার্জনের ছুরি। বল গ্যাপে খেলার খুব স্বতন্ত্র নৈপুণ্য সে বারবার প্রমাণ করেছে।”

‘ইন্সপায়ার্ড বাই ইন্ডিয়া’ অধ্যায়ে ডি ভিলিয়ার্স তুলে এনেছেন আইপিএল ও এর মাধ্যমে বিশ্ব ক্রিকেটে আসা পরিবর্তনের কথা। “ইতিহাস বলবে ভারতীয় বোর্ড কি ভালো কাজটাই না করেছে। ২০০৮ সালে তাদের চালু করা টুর্নামেন্ট খেলাটাকেই বদলে দিয়েছে-” লিখেছেন ডি ভিলিয়ার্স। প্রথম আইপিএলে ডি ভিলিয়ার্সকে দিল্লি ডেয়ারডেভিলস কেনে বছরে ৩০০,০০০ মার্কিন ডলারে। এই অংকে ধাক্কা খেয়েছিলেন ডি ভিলিয়ার্স। লিখেছেন, “সত্যি? আপনি কি নিশ্চিত যে ওখানে একটা শূন্য বেশি পড়ে গেছে?”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *