নাভ্রাতিলোভাকে ছাড়িয়ে ফেদেরারের পাশে সেরেনা

বিডি নিউজ ৬৪: আগের ম্যাচ জিতে গ্রেট মার্টিনা নাভ্রাতিলোভার পাশে দাঁড়িয়েছিলেন। তখন স্পর্শ করেছেন রেকর্ডটা। আর আজ রবিবার (বাংলাদেশ সময়) নাভ্রাতিলোভাকে ছাড়িয়ে ভিন্ন উচ্চতায় পৌঁছে গেলেন সেরেনা উইলিয়ামস। গ্র্যান্ড স্ল্যাম আসরে এখন ৩০৭টি জয়ের রেকর্ড সেরেনার। তাতে নারী খেলোয়াড় হিসেবে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড হলো তার। আর নারী-পুরুষ মিলিয়ে এই রেকর্ডের মালিক সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে স্পর্শ করলেন সেরেনা।

৩৪ বছরের সেরেনা রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার টার্গেটে নিজ দেশে ইউএস ওপেনে লড়ছেন। তৃতীয় রাউন্ডে এই মার্কিন সুপারস্টার ৬-২, ৬-১ এ জিতেছেন সুইডেনের জোহান্না লারসনের বিপক্ষে। আর এই জয়ে স্বদেশি নাভ্রাতিলোভাকে ছাড়িয়ে গেছেন সেরেনা। ৬টি ইউএস ওপেন জেতা সেরেনা বিশ্বের ১ নম্বর খেলোয়াড়ও বটে।

এমন ইতিহাস গড়া এক কীর্তির পর সেরেনা জানালেন, “এমন একটি জায়গায় এটি করতে পারা অসাধারণ ব্যাপার। এখানেই আমার সবকিছুর প্রথম শুরু হয়েছে।” নিউ ইয়র্কের এই ফ্ল্যাশিং মিডোতেই ১৯৯৯ সালে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতেন সেরেনা। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। সেরেনা বলেছেন, “নারী ও পুরুষ মিলিয়ে এমন রেকর্ড গড়া সত্যি বিরল। খুব ভালো লাগছে।”

জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফ নারী খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্ল্যাম এককের শিরোপা জয়ের রেকর্ড গড়েছিলেন। সেরেনা এখন সেই রেকর্ডে ভাগ বসিয়ে আছেন। আর একটি শিরোপা জিতলেও টেনিসের উন্মুক্ত যুগে সবচেয়ে সফল নারী খেলোয়াড় হয়ে যাবেন তিনি। ইউএস ওপেনেই হবে সেই রেকর্ড? চোখ তাই রাখতেই হবে তার ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *