মাশরাফিদের কোচ ওয়ালশ এখন ঢাকায়

বিডি নিউজ ৬৪: তাঁর নিজের অঞ্চল ক্যারিবীয় দ্বীপপুঞ্জেই লাগেজ বিড়ম্বনার কত যে মুখরোচক গল্প আছে! বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হওয়া সেসব গল্প সেখানে খেলতে যাওয়া ক্রিকেটারদের মুখে মুখেই ছড়িয়েছে। তাই জ্যামাইকা থেকে বিশ্বের অন্য প্রান্তের বাংলাদেশে পা রেখে একই বিড়ম্বনার মুখে পড়াটা কোর্টনি ওয়ালশের জন্য নতুন অভিজ্ঞতা হওয়ার কথা নয়। মাশরাফি বিন মর্তুজাদের বোলিং কোচের দায়িত্ব নিতে গত রাতেই ঢাকায় এসে পড়েছেন তিনি।

অনেক দূরের পথ পেরিয়ে এসে আজই ‘হোম অব ক্রিকেট’ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামেও আসবেন তিনি। এদিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতাও সেরে ফেলার কথা আছে এই ক্যারিবীয় কিংবদন্তির। যাঁর জ্যামাইকা থেকে নিউ ইয়র্ক এবং আবুধাবি হয়ে ইত্তিহাদ এয়ারওয়েজের ফ্লাইটে গত রাত ৮টায়ই ঢাকায় নামার কথা ছিল। কিন্তু বিলম্বে তিনি এসে পৌঁছান রাত সোয়া ৯টারও কিছু পরে। এসেই লাগেজ বিপত্তি। তাঁর ব্যাগ-পত্তর আর খুঁজে পাওয়া যায় না! পেতে পেতে পেরিয়ে যায় রাত সাড়ে ১০টা। দীর্ঘ ভ্রমণক্লান্তি আর লাগেজ বিড়ম্বনায় এই প্রথম বাংলাদেশে পা রাখা ওয়ালশ বিমানবন্দরে আর সংবাদমাধ্যমের মুখোমুখি হননি। দূর থেকে তাঁদের উদ্দেশে হাত নেড়েই উঠে পড়েন গাড়িতে।

সেখান থেকে যান ঢাকায় আপাতত তাঁর ঠিকানা র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে। যদিও অন্য কোচদের সঙ্গে কুর্মিটোলা গলফ ক্লাবের আবাসিক ভবনেই ওঠার কথা ছিল তাঁর। কিন্তু আফগানিস্তান সিরিজ সামনে রেখে একটু আগেই তাঁদেরও তুলে দেওয়া হয়েছে একই হোটেলে। হেড কোচ চন্দিকা হাতুরাসিংহে অবশ্য শুক্রবার রাতেই ঢাকা ছেড়েছেন। ছুটি কাটাতে যাওয়া কোচ ব্রিসবেনে তাসকিন আহমেদ ও আরাফাত সানির অ্যাকশন পরীক্ষার সময়ও উপস্থিত থাকবেন। বোলিং কোচের সঙ্গে তাঁর দেখাও তাই একটু বিলম্বেই হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *