বিডি নিউজ ৬৪: বগুড়া শহরের ঝোপগাড়ী হাজিপাড়া এলাকায় জনৈক জাহিদুলের ধান ক্ষেতের ড্রেন থেকে নরসুন্দর হরিদাসের (৩৫) জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ বলেন, নরসুন্দর হরিদাস নওগাঁর রানী নগর এলাকার বাসিন্দা। প্রায় ৮-১০ বছর আগে বগুড়া শহরে আসেন ও বিয়ে করেন। পরে বড় কুমিড়া হিন্দুপাড়া এলাকায় জমি কিনে সেখানে বসবাস শুরু করেন।
পাশাপাশি ধরমপুর এলাকায় নিজে একটি সেলুন দেন। শুক্রবার সেলুনে কাজ শেষে রাতে আর বাড়ি ফেরেন নি। অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের কোন এক সময় তাকে জবাই করে ড্রেনে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান টিএসআই আব্দুল আজিজ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল